চাটমোহরে চলন্ত ট্রেনে ঢিল একজন আহত
পাবনার চাটমোহর স্টেশনের পাশে হুগোলবাড়ীয়া এলাকায় গতকাল শুক্রবার বিকেলে চলন্ত ট্রেনে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের যাত্রী সাব্বির হোসেন (১৭) আহত হয়েছে। তার বাড়ি ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায়।
প্রত্যক্ষদর্শী ট্রেনযাত্রীরা মুঠোফোনে প্রথম আলোকে জানান, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে পাঁচটার দিকে চাটমোহর এলাকা পার হচ্ছিল। পথে চাটমোহর স্টেশনে পৌঁছার দুই কিলোমিটর আগে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হুগোলবাড়ীয়া এলাকায় কয়েকজন রাস্তা থেকে ট্রেনটি লক্ষ্য করে ইটের টুকরা ছুড়তে থাকে। এতে ট্রেনের ‘চ’ কামরার যাত্রী সাব্বিরের কপালের বাঁয়ের অংশে ঢিল লাগলে সে আহত হয়।
পরে ট্রেনের ভেতরেই তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঘটনায় ট্রেনের অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ঘটনাস্থল থেকে ঢাকা পৌঁছানো পর্যন্ত ট্রেনের জানালা বন্ধ করে রাখেন।