চাটমোহরে রেস্তোরাঁর খাবার খেয়ে চার ছাত্রী অসুস্থ
পাবনার চাটমোহর উপজেলা সদরের একটি রেস্তোরাঁর খাবার খেয়ে গত বুধবার সন্ধ্যায় চার স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
অসুস্থ ছাত্রীরা চাটমোহর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ে। বিদ্যালয়ে ক্লাস শেষে তারা সদরের একটি কোচিং সেন্টারেও পড়াশোনা করে।
ওই কোচিং সেন্টারের পরিচালক মানিক হোসেন ও অসুস্থ ছাত্রীরা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কোচিং সেন্টারে আসার পথে ওই চার ছাত্রী সদরের রুচী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে মোগলাই পরোটা ও আলুর চপ কিনে নিয়ে আসে। সেগুলো খাওয়ার আধা ঘণ্টা পর একে একে চারজনের বমি ও তীব্র পেটব্যথা শুরু হয়। পরে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সজিবুর রহমান প্রথম আলোকে বলেন, খাবারগুলো ছিল বাসি ও পচা। খাদ্যে বিষক্রিয়ার ফলে চার ছাত্রী অসুস্থ হয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। তবে তারা এখন বিপদমুক্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী বলেন, ‘খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান হাসপাতালে চিকিৎসারত ছাত্রীদের খোঁজখবর নেন। অন্যদিকে ঘটনার পর ওই রেস্তোরাঁর মালিক দোকান বন্ধ করে পালিয়ে যান। আমরা বিষয়টি তদন্ত করছি।’