চাটমোহরে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার মেঘারপাড়া গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইজিবর রহমান (৩৫) নিহত হয়েছেন।পুলিশের দাবি, ইজিবর চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সক্রিয় সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে তিনটি, একটি খুন ও পুলিশের ওপর হামলাসংক্রান্ত একটি মামলা রয়েছে।পুলিশের ভাষ্য মতে, মঙ্গলবার রাতে ফৈলজানা ইউনিয়নের মেঘারপাড়া গ্রামের হাজির বাগান এলাকায় চরমপন্থীদের দুটি দল মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুকযুদ্ধ শুরু করে। খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালায়। এতে ত্রিমুখী বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় ১০ থেকে ১৫ মিনিট গুলি পাল্টা-গুলির একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মৃত ইজিবরকে উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ইজিবরের বাড়ি পাবনা সদর উপজেলার আতাইকোলা থানার ফলিয়া গ্রামে।স্থানীয় লোকজন জানান, রাতে ওই এলাকায় কয়েকটি গুলির শব্দ শোনা গেছে। কিন্তু কারা, কেন এই গুলি করেছে, তা তাঁরা জানেন না।চাটমোহর থানার ওসি সৈয়দ শহিদ আলম বলেন, নিহত ইজিবর চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।