চাটমোহরের চম্পা পেলেন মোটরসাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলায় সাইকেল চালিয়ে পত্রিকা বিক্রি করা সেই জান্নাতুল সরকার ওরফে চম্পা (৩২) ব্যাটারিচালিত মোটরসাইকেল পেয়েছেন। গত সোমবার বিকেলে আকিজ মটরসের ব্যাটারিচালিত মোটরসাইকেল শাখা তাঁকে এটি দেয়।
উপজেলা প্রশাসন চত্বর থেকে চম্পার হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেহেলী লায়লা। উপস্থিত ছিলেন আকিজ মোটরসের ব্যাটারিচালিত মোটরসাইকেল শাখাপ্রধান মো. সাখাওয়াত হোসেন, উত্তরাঞ্চলের বিক্রয় নির্বাহী মাজেদুল ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান, সংবাদপত্র এজেন্ট অজয় কুমার পাল প্রমুখ।
মোটরসাইকেল পেয়ে চম্পা বলেন, ‘রোদ, বৃষ্টি, ঝড়ে সাইকেল চালিয়ে পত্রিকা বিক্রি করতে কষ্ট হতো। মোটরসাইকেলটি সে কষ্ট দূর করবে, সময়ও বাঁচাবে। আরও কিছু পত্রিকা বিক্রি করতে পারব। যাঁদের সহযোগিতায় এ উপহার পেলাম, তাঁদের ধন্যবাদ।’
সাখাওয়াত হোসেন বলেন, ‘প্রথম আলোয় চম্পাকে নিয়ে সংবাদ প্রকাশের পর আমাদের দৃষ্টি কাড়ে। আমরা তাঁকে এই উপহারটি প্রদানের উদ্যোগ নিই। তাঁর কাজে আরও স্বাচ্ছন্দ্য আনতে মোটরসাইকেলটি পত্রিকা বহনের উপযোগী করে বিশেষভাবে তৈরি করা হয়েছে।’
চম্পার বাড়ি উপজেলার মল্লিকবাইন গ্রামে। ২০০৫ সালে স্বামী পরিত্যক্তা হয়ে জীবনসংগ্রামে নামেন মেয়েটি। প্রতিদিন সাইকেলের দুই পাশে দুই ব্যাগভর্তি পত্রিকা নিয়ে বিলি করেন তিনি। গত ২৭ মে তাঁকে নিয়ে ছুটির দিনে ‘সাইকেল চালিয়ে পত্রিকা বিক্রি করেন চম্পা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।