চাতলাপুর থেকে নির্মাণ সরঞ্জাম সরিয়ে নিল সওজ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে চাতলাপুর স্থলবন্দর-সংলগ্ন সড়ক উন্নয়নের কাজ এখনো বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ওই স্থান থেকে সড়ক নির্মাণের সরঞ্জাম সরিয়ে নিয়েছে। সওজের উপসহকারী প্রকৌশলী আবদুল কাইয়ূম বলেন, সরকারিভাবে এ সড়কটির প্রস্থ ১৮ ফুট করার জন্য কিছুদিন আগে কার্যাদেশ দেওয়া হয়। কয়েক দিন আগে এর কাজ শুরু হয়। কিন্তু বিএসএফের বাধায় ১০ দিন ধরে এ সড়কের পিচ ঢালাইয়ের কাজ বন্ধ রয়েছে। গত মঙ্গলবার সড়কটি নির্মাণের দায়িত্ব পাওয়া ঠিকাদারের উপস্থিতিতে বিডিআরের কোম্পানি কমান্ডার এ সমস্যা সমাধানের জন্য বিএসএফের কোম্পানি কমান্ডারকে আমন্ত্রণ জানান। কিন্তু বিএসএফের কোম্পানি কমান্ডার এই আমন্ত্রণে সাড়া দেননি। ঠিকাদার মোসাদ্দেক আহমদ বলেন, মঙ্গলবার বিকেল তিনটায় সওজ চাতলাপুর স্থলবন্দর-সংলগ্ন থেকে পিচ ঢালাইয়ের সব সরঞ্জাম সরিয়ে নিয়েছে। শ্রীমঙ্গলের ১৪ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল নূরুল হুদা বলেন, বিডিআরও ভারতীয় অংশে একটি শ্মশানঘাটের কাজ বন্ধ করে দিয়েছে। বিএসএফের উচ্চপর্যায়ে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।