দফায় দফায় বিএসএফের বাধায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দর সড়কের উন্নয়নকাজ এবং উত্তর ত্রিপুরায় সময়মতো সিমেন্ট, ইট ও পাথর রপ্তানি ব্যাহত হচ্ছে। সড়কের প্রশস্তকরণ কমানো নিয়ে বিএসএফের দাবি বিডিআর মেনে নেওয়ায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, বিএসএফের বাধায় দীর্ঘদিন ধরে চাতলাপুর স্থলবন্দর সড়কের উন্নয়নকাজ বন্ধ ছিল। গত ১০ জুলাই শরীফপুর ইউনিয়নের তেলিবিল উচ্চবিদ্যালয়ে বিডিআর ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ জুলাই ১৮৬৩ নম্বর সীমান্ত পিলার থেকে চাতলাপুর চেকপোস্ট এলাকায় সড়ক উন্নয়নের কাজ শুরু হয়। কিন্তু বিএসএফ আবার বাধা দিলে কাজ থেমে যায়। এ নিয়ে বিডিআর-বিএসএফের মধ্যে কয়েক দফায় বৈঠক হয়। সর্বশেষ ৪ আগস্টের বৈঠকে বিএসএফ স্থলবন্দর সড়কের উন্নয়নকাজের ওপর আরোপিত বাধা প্রত্যাহার করে নেয়। বিডিআরও ১৮৬৩ নম্বরের অধীন সাবপিলার-১ এলাকাসংলগ্ন ভারতীয় অংশে পুরাতন শাশনঘাটের উন্নয়নকাজের ওপর থেকে বাধা প্রত্যাহার করে নেয়।৮ আগস্ট এই সিদ্ধান্তের বাইরে বিএসএফ ভারতীয় অংশে নতুন করে একটি স্থাপনা নির্মাণ শুরু করলে বিডিআর আপত্তি জানায়। সঙ্গে সঙ্গে বিএসএফের সদস্যরাও চাতলাপুর স্থলবন্দর সড়ক উন্নয়নকাজে বাধা দেন। পরদিন উভয় পক্ষের কোম্পানি কমান্ডার পর্যায়ের জরুরি পতাকা বৈঠকের পর আবারও সড়কের উন্নয়নকাজ শুরু হয়। কিন্তু ১১ আগস্ট বিকেলে বিএসএফের বাধায় আবারও কাজ বন্ধ হয়ে যায়। এ অবস্থায় ১২ আগস্ট পর্যন্ত চাতলাপুর স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় ইট, পাথর ও সিমেন্ট রপ্তানি বন্ধ ছিল। ১২ আগস্ট বিডিআর-বিএসএফের জরুরি পতাকা বৈঠকে বিএসএফ চাতলাপুর চেকপোস্টসংলগ্ন এলাকার সড়কটির প্রশস্ত ১৮ ফুট থেকে কমিয়ে ১২ ফুট করার সিদ্ধান্ত হলে বিএসএফ আপাতত বাধা প্রত্যাহার করে নেয়। বাংলাদেশি ব্যবসায়ী খন্দকার আতিক সেলিম ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএসএফের বাধার কারণে বাংলাদেশি পণ্য সময়মতো রপ্তানি করা যাচ্ছে না। দিনে দিনে এই সড়কটির গুরুত্ব বাড়ছে, সড়কে ভারী যানবাহনের চাপও বাড়ছে। এ অবস্থায় সড়কটি প্রশস্ত করা প্রয়োজন ছিল। তাই প্রশস্ত কমিয়ে নেওয়ার বিএসএফের দাবি মানা উচিত হয়নি। এ বিষয়ে ১৪ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল নূরুল হুদা বলেন, আসলে সড়কটির মূল মাপ হচ্ছে ১২ ফুট। প্রথমত, ১২ ফুটের প্রশস্ততার উন্নয়ন হবে। তারপর দুই দিকে তিন ফুট করে বাড়ানো যাবে।