চাতলাপুর স্থলবন্দরে আমদানি-রপ্তানি দুই ঘণ্টা বন্ধ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দরে বিডিআরের সদস্যদের হাতে সিঅ্যান্ডএফের এজেন্টকে লাঞ্ছিত করার প্রতিবাদে গত শনিবার দুই ঘণ্টা আমদানি-রপ্তানিকার্যক্রম বন্ধ ছিল। সুষ্ঠু বিচার না হলে আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা ভাবছেন ব্যবসায়ীরা।গতকাল রোববার দুপুরে চাতলাপুর স্থলবন্দরে গিয়ে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে শরীফপুর বিডিআর ক্যাম্পের হাবিলদার মাহবুবুর রহমান ও সিপাহী মো. জাহাঙ্গীর ভারতে রপ্তানি করার আগমুহূর্তে মাছের একটি চালান আটকে দেন। চাতলাপুর স্থলবন্দরের সিঅ্যান্ডএফের এজেন্ট ও রপ্তানিকারক আতিক সেলিম এতে আপত্তি জানালে তাঁকে চড় মারতে উদ্যত হন বিডিআরের সদস্যরা। এ ঘটনায় বন্দরের আমদানি-রপ্তানি প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে। আতিক সেলিম জানান, ঋণপত্রের (এলসি) মাধ্যমে যেসব পণ্য ভারতে রপ্তানি হচ্ছে, তা তদারকির দায়িত্ব একমাত্র শুল্ক কর্মকর্তাদের। ঘটনার সুষ্ঠু বিচার না হলে ব্যবসায়ীরা চাতলাপুর স্থলবন্দর দিয়ে সাময়িকভাবে রপ্তানি বন্ধ রাখবেন।বিডিআরের হাবিলদার মাহবুবুর রহমান বলেন, সীমান্তে বিডিআরের অনেক দায়িত্ব থাকে। সঠিকভাবে মালামাল রপ্তানি হচ্ছে কি না, তা জানার জন্য তিনি এলসির বিপরীতে মাছের ওজন জানতে চেয়েছিলেন। এ নিয়ে সিঅ্যান্ডএফের এজেন্টের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গলের ১৪ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নূরুল হুদা জানান, তিনি সিঅ্যান্ডএফের এজেন্টের কাছ থেকে অভিযোগ পেয়ে বিভাগীয় তদন্ত শুরু করেছেন।