চাতলাপুরকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তরিত করার দাবি
রপ্তানি বাড়াতে মৌলভীবাজারের চাতলাপুরকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তরের দাবি জানিয়েছে মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। চাতলাপুর বন্দরের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো এক চিঠিতে চেম্বার এ দাবি জানিয়েছে।চেম্বার সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দর দিয়ে ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানির পরিমাণ বাড়ছে। কিন্তু রপ্তানি বাণিজ্যের প্রসারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ছে না। এ জন্য মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে চাতলাপুর স্থলবন্দরে ওয়ারহাউস নির্মাণ, মাটি ভরাট করে ডাম্পিং এলাকা বাড়ানো, এক দেশের মালামাল নিয়ে ট্রাক বা ভ্যান অন্য দেশের সীমানার মধ্যে প্রবেশ করে পণ্যসামগ্রী ওঠানো-নামানোর সুযোগ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার জেলা সদরের সঙ্গে চাতলাপুর স্থলবন্দরের সড়ক যোগাযোগ উন্নত করা, স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, বিদ্যুৎসংযোগ ও বিদ্যুৎ লাইন সম্প্রসারণ এবং আমদানিকারক, রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের জন্য সুবিধা বাড়ানোর দাবি জানানো হয়েছে।এ ছাড়া মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বটুলি স্থলবন্দরের উন্নয়ন এবং কমলগঞ্জ উপজেলার কুরমা ও ধলই সীমান্তে আরও দুটি স্থলবন্দর চালুর দাবি জানিয়েছে মৌলভীবাজার চেম্বার।চেম্বারের সভাপতি এম এ আহাদ গতকাল প্রথম আলোকে বলেন, চাতলাপুর স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন করা হলে রপ্তানির পরিমাণ কয়েক গুণ বেড়ে যাবে। ইট, সিমেন্ট, বালু, পাথর, প্যাকেটজাত খাদ্য, প্রসাধনসামগ্রী, ট্রয়লেটিজ, সিরামিক, মেলামিনসহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানির সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এসব পণ্যের চাহিদা অনেক।চেম্বার সূত্র জানিয়েছে, ২০০৮-০৯ অর্থবছরে চাতলাপুর স্থলবন্দর দিয়ে দুই কোটি ২০ লাখ ৬০ হাজার টাকার পণ্য রপ্তানি হয়েছিল। ২০০৯-১০ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ছয় কোটি ৩১ লাখ ৯২ হাজার টাকা। আর ২০১০-১১ অর্থবছরের গত সাড়ে আট মাসে হয়েছে পাঁচ কোটি ৮৪ লাখ নয় হাজার ৪৩১ টাকা।