চাতলাপুরে অভিবাসন কর্মকর্তাকে মারধর
মৌলভীবাজারের চাতলাপুর তল্লাশি চৌকির এক অভিবাসন কর্মকর্তাকে গত মঙ্গলবার রাতে মারধর করা হয়েছে। স্থানীয় শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আত্মীয়রা তাঁকে মারধর করেছেন বলে অভিযোগ করেছেন কর্মকর্তা কবির হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ভারতের উত্তর ত্রিপুরা থেকে কুতুবুন নেছা নামে এক ভারতীয় নাগরিক বাংলাদেশে আসেন। তাঁকে এগিয়ে আনতে স্থানীয় শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা মিয়ার ভাতিজা ফুল মিয়াসহ কয়েকজন চাতালপুর তল্লাশি চৌকিতে যান। ভিসাসহ পাসপোর্টের তথ্য লিপিবদ্ধ করে আগমনী সিল দিতে কিছুটা দেরি হওয়ায় ইউপি চেয়ারম্যানের আত্মীয়রা ওই কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে আসেন। মঙ্গলবার রাত আটটার দিকে কবির হোসেন কেনাকাটার জন্য একটি দোকানে গেলে ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়ার আত্মীয়রা কবির হোসেনকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে এবং তাঁর সঙ্গে থাকা নগদ অর্থ ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়।