চাতালমালিক-আড়তদারদের নিয়ন্ত্রণে ধানের বাজারদর
জয়পুরহাটের কালাই উপজেলায় ধানের হাট না থাকায় কৃষকেরা ন্যায্য দামে ধান বিক্রি করতে পারছেন না। বাইরের ব্যবসায়ী-মহাজন ও পাইকারেরা আসতে পারছেন না। এ সুযোগে স্থানীয় চাতালমালিক, আড়তদার ও ফড়িয়াদের হাতে জিম্মি হয়ে পড়েছেন কৃষকেরা। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় এখন পুরোদমে বোরো ধান কাটা ও মাড়াই চলছে। অনেক কৃষক উৎপাদিত ধান বিক্রি শুরু করেছেন। কিন্তু উপজেলার হাটবাজারগুলোতে ধান কেনাবেচার ব্যবস্থা না থাকায় কৃষকেরা তাঁদের ধান চাতালের মালিক ও আড়তদারদের দিতে বাধ্য হচ্ছেন। তাঁরা যে দাম ধরিয়ে দিচ্ছেন, কৃষকেরা সেই দাম নিয়ে ঘরে ফিরতে বাধ্য হচ্ছেন। এতে অনেকের উৎপাদনের খরচই উঠছে না।কৃষকেরা জানান, কালাই উপজেলায় ছোট-বড় ১৫টি হাটবাজার একসময় ধান কেনাবেচার জন্য প্রসিদ্ধ ছিল। এসব হাটে এখন আর ধানের কেনাবেচা হয় না। উপজেলার অন্য নতুন হাটগুলোতেও আলাদা ধানের হাট নেই। এ জন্য এখন কৃষকদের ধান বিক্রি করতে হয় চাতাল বা আড়তে গিয়ে। কখনো কখনো চাতালের মালিক বা আড়তদারেরা নিজেরাই কৃষকের উঠানে গিয়ে ধান কেনেন। প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা না থাকায় চাতালের মালিক ও আড়তদারেরা ধানের বাজারদর নিয়ে কারসাজির সুযোগ পান।কালাই উপজেলার বানিহারা গ্রামের কৃষক মোজাফফর রহমান বলেন, বোরো ধান ভেজা থাকে বলে পচে নষ্ট হওয়ার ভয়ে কৃষকেরা সংরক্ষণ করতে চান না। বসতবাড়িতে আগের মতো সেই গোলাও নেই। তাই আবাদ করা ধান বিক্রি ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু হাটে ধান বিক্রির সুযোগ নেই। চাতাল ও আড়তে ধান নিয়ে গেলে মালিকেরা ইচ্ছামতো দাম দেন। বর্তমানে প্রতি মণ বোরো ৬০০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। এতে উৎপাদনের খরচই উঠছে না। তবে কালাই চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ দাবি করেন, ধানের বাজারদর নিয়ন্ত্রণের অভিযোগ সঠিক নয়। কালাই পৌরসভার মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বলেন, এ বিষয়ে ২০ মে পৌর এলাকার সব চাতালমালিককে নিয়ে বৈঠক ডাকা হয়েছে। কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, প্রতিটি হাটে যাতে নতুন করে ধানাহাটি লাগানো যায়, সে জন্য উপজেলা পরিষদ থেকে জায়গা বন্দোবস্ত, প্রচার-প্রচারণা চালানোসহ সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।