একদিকে ধানের আমদানি নেই, অপরদিকে চাতাল বন্ধ। চাল মজুত থাকলেও বিক্রি হচ্ছে না। এ চিত্র উত্তরাঞ্চলের অন্যতম ঈশ্বরদী চালের মোকামের।
চলমান রাজনৈতিক সহিংসতা, হরতাল ও অবরোধের কারণে এই মোকামে চাল উৎপাদন ও বিক্রিতে ধস নেমেছে। একে একে বন্ধ হয়ে যাচ্ছে চাতালকলগুলো। এ কারণে মোকামের ১৫ হাজার চাতালশ্রমিক বেকার হয়ে পড়েছেন।
চাতাল ব্যবসায়ীরা জানান, ঈশ্বরদীর মোকামে স্থানীয় ব্যবসায়ীরা দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে ধান কিনে এনে চাতালে চাল উৎপাদন করে থাকেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার চাল ব্যবসায়ীরা এই মোকাম থেকে পাইকারিভাবে চাল কেনেন। কিন্তু চলমান রাজনৈতিক সহিংসতা, হরতাল-অবরোধের কারণে এক মাস ধরে এই মোকামে চাল ব্যবসায় মন্দা যাচ্ছে। বাইরের ব্যবসায়ীরা এখানে চাল কিনতে আসতে পারছেন না। ব্যাবসা না থাকায় চাতালশ্রমিকেরাও বেকার হয়ে পড়েছেন।
ঈশ্বরদীর চাল ব্যবসায়ী ও চাতালকল মালিক আক্তারুজ্জামান বাবু জানান, পর পর দুবার অবরোধের কারণে মোকামে চাল ব্যবসায় ধস নেমেছে। মোকামে চাল মজুত থাকলেও পরিবহনসংকটের কারণে ব্যবসায়ীরা চাল কিনতে আসতে পারছেন না। বাজারে নতুন ধান উঠলেও উত্তর-দক্ষিণাঞ্চল থেকে অবরোধের কারণে তাঁরা ধান কিনে আনতে পারছেন না।
দাশুড়িয়ার চাল ব্যবসায়ী আবদুর রশিদ জানান, এই মোকামে ধান না আসায় এখানকার চাতালে চাল উৎপাদন বন্ধ রয়েছে। এলাকার প্রায় ৭০০ চাতালের সবগুলোই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ অবস্থায় মোকামে চাল মজুত থাকলেও বাইরে থেকে ক্রেতা না আসায় তা বিক্রি হচ্ছে না।
ধান-চাল ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সাদেক আলী বিশ্বাস জানান, ঈশ্বরদীর এই মোকাম থেকে প্রতিদিন গড়ে তিন কোটি টাকার চাল বেচাকেনা হয়। এখন সেখানে হরতাল-অবরোধের কারণে প্রতিদিন গড়ে এক থেকে দুই লাখ টাকার বেচাকেনা হচ্ছে। বেশি টাকা দিয়েও ধান আনার জন্য গাড়ি পাওয়া যাচ্ছে না।
গত মঙ্গলবার বিকেলে সরেজমিনে জানা যায়, এখানে কর্মরত ১৫ হাজার চাতালশ্রমিক প্রায় এক মাস ধরে অর্থকষ্টে আছেন।
শ্রমিকেরা জানান, মালিকেরা চাল বিক্রি করতে না পারায় মিলগুলো বন্ধ রয়েছে। এ কারণে তাঁদের দৈনিক পারিশ্রমিকও বন্ধ। মিল চালু থাকলে মালিকেরা তাঁদের পারিশ্রমিক দেন।
জয়নগরের চাতালশ্রমিক জাহাঙ্গীর হোসেন জানান, এক সপ্তাহ ধরে তিনি কোনো পারিশ্রমিক বা হাজিরার টাকা পাননি। অর্থকষ্টের কারণে খেয়ে না-খেয়ে দিন কাটছে।
সাহাপুরের নারী শ্রমিক রহিমা খাতুন জানান, চালকল বন্ধ থাকায় এখন তিনি বেকার। সংসারে ছোট দুই সন্তান ছাড়া আর কেউ নেই। এ অবস্থায় তাঁর সংসার চালানোই কষ্টের।