চাতালে কাজ করে মেলে খুদ ও তুষ
‘দুই-তিন দিন হইরা ধান শুকাইলে ১০ কেজি খুদ আর ১০ কেজি ধানের কুঁড়া (তুষ ও সামান্য চালের মিশ্রণ) পাই। হেই বেইচ্যা ট্যাহা দিয়া সংসার চালাই।’ চাতালের নারীশ্রমিক আল্লাদি খাতুন এভাবে তাঁদের কষ্টের কথা জানান। শেফালি বানু বলেন, ‘বছর শেষ হলি রোজার ঈদের সুময় একটা করি শাড়ি আর কোরবানির ঈদে ১০০ করি টেকা পাই। এই আমারে কাজের বুনাস।’শুধু আল্লাদি ও শেফালি নন, মোটা চালের বৃহত্তম মোকাম পাবনার ঈশ্বরদীর ১২ হাজার চাতালশ্রমিক এভাবে প্রতিদিন কাজে এসে নানা বৈষম্যের শিকার হচ্ছেন। এখানকার ৬০০ চাতালে শ্রমিকেরা দিন-রাত হাড়ভাঙা পরিশ্রম করেও তাঁদের ন্যায্য মজুরি পাচ্ছেন না। এ ছাড়াও তাঁদের স্বাস্থ্যঝুঁকি তো রয়েছেই।চাতালের শ্রমিকেরা জানান, সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ধানের খলায় কাজ করেন তাঁরা। আবার অনেকে সন্ধ্যা সাতটা থেকে রাতভর ধান ভাঙার কাজ করেন। টানা নয়-দশ ঘণ্টা কাজ করেও তাঁরা ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন। সবচেয়ে বেশি বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন নারীশ্রমিকেরা। এসব নারীশ্রমিককে দিয়ে টানা দুই দিন কাজ করানোর পর জনপ্রতি ১০০ টাকা মজুরি দেওয়া হচ্ছে।চাতালশ্রমিক রাশিদা খাতুন জানান, ধান সেদ্ধসহ রোদে শুকিয়ে চাল বের করতে দুই থেকে তিন দিন সময় লাগে। এটাকে শ্রমিকেরা এক দাগ বলেন। এই একদাগ ধান উঠলে রাশেদা ১০০ টাকা পান। একই কাজ করে পুরুষশ্রমিকেরা পাচ্ছেন ১৫০ থেকে ২০০ টাকা। রাশেদা আরও জানান, বর্ষার মৌসুমে তাঁদের সবচেয়ে বেশি আর্থিক কষ্টে থাকতে হয়। সে সময় একদাগ ধান শুকাতে পাঁচ-ছয় দিন লেগে যায়। তখন তাঁদের ১০০ থেকে ১৫০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক নারীশ্রমিক জানান, তাঁরা টানা তিন দিন চাতালে কাজ করার পর মহাজন তাঁদের ১০ কেজি খুদ ও ধানের কুঁড়া দিয়ে বিদায় দেন। শ্রমিকেরা জানান, ধান সেদ্ধ করার সময় তাঁদের চরম ঝুঁকিতে কাজ করতে হয়। এ সময় বয়লারে তুষের আগুন জ্বালানো হয়। প্রচণ্ড গরমের মধ্যেও তাঁদের কাজ করতে হয়। নজরুল প্রামাণিক নামের এক চাতালশ্রমিক জানান, কাজ করার সময় মিল ও বয়লার থেকে উড়ে আসা ছাই, ধানের কুঁড়াসহ ধুলা-ময়লায় অতিষ্ঠ হয়ে উঠতে হয়।জয়নগর এলাকায় একটি চাতালের মালিক শামসুল আলম। তিনি বলেন, একেক চাতালে শ্রমিকদের একেক রকম মজুরি দেওয়া হয়। তিনি দাবি করেন, তাঁর চাতালে নারী শ্রমিকদের দুই শ ও পুরুষদের তিন শ টাকা মজুরি দেওয়া হয়। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা কর্মকর্তা আবদুল হামিদ জানান, মিলের ধুলা-ময়লা, ছাই ও ধানের কুঁড়া শ্রমিকদের চোখে ও নাকে-মুখে ঢুকে শ্বাসযন্ত্র ও ফুসফুসের নানা রোগে আক্রান্ত করে ফেলে। এ রকম রোগী প্রায়ই স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।