চাতালে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ
চাতালে পাটের তৈরি বস্তার ব্যবহার বাধ্যতামূলক করতে এবং এ-সংক্রান্ত আইনের যথাযথ বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য সাবিনা আক্তার সাংবাদিকদের বলেন, চাতালে বস্তা সব চেয়ে বেশি ব্যবহার হয়। এজন্য প্রাথমিকভাবে চাতাল থেকে পাটের তৈরি বস্তার ব্যবহার বাধ্যতামূলক করতে বলা হয়েছে। এ বিষয়ে সচেতনতামূলক বিজ্ঞাপন তৈরি করে তা গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করতেও বলা হয়েছে।
২০১০ সালে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করে আইন করা করা হয়। গত বছরের সেপ্টেম্বরে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে চাতালে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, বর্তমানে চাতালে ৬ থেকে ৭ কোটি পাটের বস্তার চাহিদা রয়েছে। সব ক্ষেত্রে এর ব্যবহার শুরু হলে চাহিদা বেড়ে গিয়ে দাঁড়াবে প্রায় ৫০ কোটিতে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, ২০১৩-১৪ অর্থবছরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় বস্ত্র ও পাট খাতে ১২১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় কম। কমিটি আগামী অর্থবছরে এ খাতে বরাদ্দ বাড়ানোর সুপারিশ করে।
কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং মন্নুজান সুফিয়ান, এনামুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সাবিনা আক্তার অংশ নেন।