চাতালের বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি ধানের চাতালে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত এবং তিনজন আহত হয়েছেন। গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের রামেশ্বরগাঁতী গ্রামের নূরুল ইসলামের চাতালে কাজ করছিলেন ৮-১০ জন শ্রমিক। হঠাৎ চাতালের বয়লারটি বিস্ফোরিত হয়।
এতে ঘটনাস্থলেই ওই গ্রামের নছিম উদ্দিন শেখের ছেলে ইদ্রিস আলী (২০) ও আলতাব হোসেনের ছেলে নাসির উদ্দিন (২০) নিহত হন।
খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ এবং রায়গঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও ঘটনাস্থলে যান। তাঁরা আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বিকেলে জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।