চাতালের শ্রমিকেরা শ্রম আইনের বাইরে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাতালে কাজ করছেন নারী শ্রমিকেরা। ফাইল ছবি
চাতালে কাজ করছেন নারী শ্রমিকেরা। ফাইল ছবি

চাতাল শ্রম আইনের অন্তর্ভুক্ত একটি শিল্প। কিন্তু এ খাতে শ্রম আইনের একটি ধারাও মানা হয় না। চাতালের শ্রমিকেরা শ্রমিক হিসেবেই স্বীকৃত নন। এ খাতে সরকারেরও কোনো নজরদারি নেই।

কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সভাপতি আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘এ খাতের শ্রমিক চুক্তিভিত্তিক। ওরা তো শ্রমিকই না। তাই এদের বেলায় শ্রম আইন প্রযোজ্য না।’

তবে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেন, শ্রম আইন অনুযায়ী চাতাল একটি কারখানা। এখানকার শ্রমিকেরা মৌসুমি শ্রমিক হিসেবে বিবেচিত হবেন। এই শ্রমিকদের যা প্রাপ্য তা দিতে হবে। তবে এ খাতে শ্রম আইনের কিছুই মানা হয় না। সরকারের কোনো পরিদর্শক দলও এ শিল্প পরিদর্শনে যায় না।

চাতালে পুরুষের পাশাপাশি কাজ করেন নারী শ্রমিকেরাও। ছবিটি কুষ্টিয়ার এক চাতাল থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান
চাতালে পুরুষের পাশাপাশি কাজ করেন নারী শ্রমিকেরাও। ছবিটি কুষ্টিয়ার এক চাতাল থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান



২০০৬ সালের বাংলাদেশ শ্রম আইন এবং পরে সংশোধিত আইনটিতেও চাতালশিল্পের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। ১৯৮৪ সালে চাতালশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করা হয় ৪৯৫ টাকা। এর পর আর মজুরি পুনর্নির্ধারণ করা হয়নি।

চাতালে রোদে পুড়ে, আগুনের তাপে, ধুলো-ময়লায় কাজ করেও শ্রমিক হিসেবে স্বীকৃতির কথা ভাবতেই পারেন না এই শ্রমিকেরা। কাজ করে মজুরি পেয়েই তাঁরা খুশি। আছে নারী ও পুরুষের মধ্যে মজুরিবৈষম্য।

বিলসের হিসাব অনুযায়ী, গত বছর এ খাতে বয়লার বিস্ফোরণসহ বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছেন সাতজন পুরুষ শ্রমিক। আহত হন ২০ জন। এর মধ্যে একজন নারী।

চাতালে ধান প্রক্রিয়াকরণের ধারা বহু বছরের। বেসরকারি হিসাবে, দেশে চাতাল আছে প্রায় ৪০ হাজার। এতে প্রায় পাঁচ লাখ শ্রমিক কাজ করছেন। এর মধ্যে ৬৫ শতাংশই নারী শ্রমিক। তবে সরকারি হিসাবে চাতালের সংখ্যা ১৬ হাজারের কিছু বেশি।

বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী, প্রাপ্তবয়স্ক শ্রমিক দৈনিক আট ঘণ্টার বেশি সময় কাজ করতে পারবেন না বা তাঁকে দিয়ে কাজ করানো যাবে না। ক্ষেত্রবিশেষে ১০ ঘণ্টা পর্যন্ত শ্রমিক কাজ করতে পারবেন। তবে চাতালের শ্রমিকদের কাজের নির্দিষ্ট কোনো সময় নেই। আইনে নারী শ্রমিকদের রাত ১০টা থেকে ভোর ছয়টা পর্যন্ত কাজ করানো নিষেধ থাকলেও চাতাল-কন্যাদের বেলায় তা মানা হচ্ছে না। নিয়োগপত্র না থাকায় চাতালের মালিক ইচ্ছা করলেই শ্রমিকদের কাজ থেকে বাদ দিতে পারেন।

চাতালে কাজ করা নারী শ্রমিকদের সন্তানদের জন্য নেই কোনো সুযোগ-সুবিধা। ছবিটি কুষ্টিয়ার এক চাতাল থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান
চাতালে কাজ করা নারী শ্রমিকদের সন্তানদের জন্য নেই কোনো সুযোগ-সুবিধা। ছবিটি কুষ্টিয়ার এক চাতাল থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

কুষ্টিয়ার কবুরহাটের কদমতলায় সাগর রাইস মিলের হাসেনা বেগম বলেন, এখানে কাজ করলে টাকা, কাজ না করলে টাকা নেই। গভীর রাতে ধান সেদ্ধ শুরু হয়। বললেন, ‘তারপর বাচ্চা কী খাইলো, স্বামী কী খাইলো, বাড়ি কখন যামু—তার আর কিছুই ঠিক থাকে না।’

কুষ্টিয়া, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকার চাতালশ্রমিকদের দেওয়া তথ্য মতে, চাতালের কাজ কয়দিনে শেষ হবে, তা আগে থেকে কেউ বলতে পারেন না। বৃষ্টিতে ধান ভিজে গেলে বা টানা কয়দিন রোদ না উঠলে শ্রমিকদের বসে থাকতে হয়। কিন্তু সংসারের অন্য সব কাজ থেমে থাকে না। পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য শ্রমিকেরা চড়া সুদে ঋণ নেন। তারপর মজুরি পেয়ে সেই ঋণ শোধ করতে করতে আবার ঋণ করার সময় চলে আসে। এই বৃত্ত থেকে তাঁরা আর বের হতে পারেন না।

চাতালে মাতৃত্বকালীন ছুটির বালাই নেই। ছুটি চাইলে মালিক কাজ ছেড়ে চলে যেতে বলেন। নারী শ্রমিকদের সঙ্গে থাকা ছোট সন্তানদের জন্যও নেই কোনো সুযোগ-সুবিধা।

চাতাল-সংশ্লিষ্টরা জানালেন, চাতালে আট থেকে নয়টি স্তরে শ্রমিকদের কাজ করতে হয়। ট্রাক থেকে ধান নামানো, গুদামজাতকরণ, ধান সেদ্ধ করা, শুকানো, চাল প্রক্রিয়াকরণ, চাল বস্তায় ভরা, বস্তার মুখ সেলাই করাসহ সব কাজই করতে হয় চাতালশ্রমিকদের। বৃষ্টি হলে কাজের পরিমাণ আরও কয়েকধাপ বেড়ে যায়। অস্বাস্থ্যকর পরিবেশে কঠোর পরিশ্রম করার ফলে এই খাতের শ্রমিকেরা অল্প বয়সেই অসুস্থ হয়ে কর্মক্ষমতা হারান। এখাতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বলতে কিছুই নেই। চাতালে কাজ করতে করতে শ্রমিক মারা গেলেও ক্ষতিপূরণের ব্যবস্থা নেই।

১৯২৩ সালের বয়লার আইন চাতালের জন্য প্রযোজ্য। তবে তা মানা হচ্ছে না। মালিকেরা এ ধরনের দুর্ঘটনার দায় চাপান শ্রমিকদের ঘাড়েই। ফলে ক্ষতিপূরণের বিষয়টি দর-কষাকষির বিষয়ে পরিণত হয়।

কুষ্টিয়ার চালকল মালিক আবদুল মজিদ বলেন, বয়লারে চাবি দিয়ে শ্রমিকেরা গল্প করে বলেই বিস্ফোরণ ঘটে। তিনি জানান, শ্রমিক মারা গেলে শ্রমিকের পরিবার ও মালিক বসে ঠিক করেন কত দিতে হবে। এ ক্ষেত্রে ধরাবাঁধা কোনো নিয়ম নেই।

২০০৯ সালে বিলস দিনাজপুর, ময়মনসিংহ ও খুলনায় চাতাল শ্রমিক সহায়তা কমিটি গঠনসহ বিভিন্ন কাজ করছে। ময়মনসিংহের চাতাল শ্রমিক সহায়তা কমিটির আহ্বায়ক আবু সাঈদ বলেন, এ ধরনের কমিটি  থাকায় সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে একজন শ্রমিকের মৃত্যুতে মালিকের কাছ থেকে এক লাখ টাকা আদায় সম্ভব হয়েছিল। কমিটি এই খাতের শ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া, সংগঠিত করা, ন্যূনতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে সরকারের সঙ্গে লবি চালাচ্ছে।

(কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন)