চানখাঁরপুলে সিলিন্ডারের গ্যাসের ঝাঁজে ১৩ জন অসুস্থ
পুরান ঢাকার চানখাঁরপুল মোড়ে বেলুন ফোলানোর একটি প্রতিষ্ঠানের সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে কর্মচারী ও পথচারীসহ অন্তত ১৩ জন অসুস্থ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা একটার দিকে ৮২/২ কাজী গ্যাস কোম্পানিতে রাখা বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডারের ছিপি খুলে গেলে সিলিন্ডারটির পাশের দোকানের শাটারের সঙ্গে আঘাত লাগে। এতে একজনের ঘাড়ে আঘাত লাগে। এ সময় গ্যাস বেরিয়ে দোকানের কর্মী ও পথচারীসহ অন্তত ১৩ জন অচেতন হয়ে যান। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দোকান বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান। পরে অসুস্থদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিত্সাধীন ছবুরা বেগম জানান, সিলিন্ডারটি দোকান থেকে বাইরে পড়ে গিয়ে ঝাঁজালো গ্যাস বের হতে থাকে। দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় তাঁর মতো অনেক পথচারী অসুস্থ হয়ে পড়েন।
ঘটনাস্থল পরিদর্শনকারী চকবাজার অঞ্চলের সহকারী কমিশনার আরএম ফয়জুর রহমান প্রথম আলোকে বলেন, সিলিন্ডারের ছিপি খুলে যাওয়ায় সেটি পাশের একটি দোকানের শাটারে পড়ে দুমড়ে মুচড়ে যায়। সবাই ঝাঁজালো গ্যাসের তীব্রতায় অচেতন হয়ে যান। হাসপাতালে চিকিত্সা দেওয়ার পর তারা সুস্থ হয়ে উঠছেন। চিকিত্সকেরা তাঁকে বলেছেন, ঝাঁজালো গ্যাসের ঝাঁজে শ্বাসকষ্ট দেখা দিয়েছে এঁদের।
হাইড্রোজেন গ্যাস দিয়ে বেলুন ফোলানো হয়।