চান্দখালী বাজারে আগুন ৮৩টি দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী বাজারে অগ্নিকাণ্ডে ৮৩টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ওই অগ্নিকাণ্ড ঘটে।প্রত্যক্ষদর্শী আমিনুল জানান, রাত একটার দিকে তিনি দোকান বন্ধ করে পাশেই তাঁর বাড়িতে যান। কিছুক্ষণ পর লোকজনের চিৎকার শুনে তিনি বাইরে এসে দেখেন, বাজারের পূর্ব দিকে কয়েকটি ঘরে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে তা পাশের তিনটি কেরোসিনের গুদামে ছড়িয়ে পড়লে বিকট শব্দে কেরোসিন ও ডিজেলের ড্রামগুলো বিস্ফোরিত হয়। এ সময় আতঙ্কে আশপাশের বাড়ির লোকজন ঘর ছেড়ে নিরাপদে ছুটতে থাকে। প্রথম দিকে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। রাত সোয়া দুইটার দিকে খবর পেয়ে বরগুনা, আমতলী ও পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিসের তিনটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।এ সময় বিমল হাওলাদারের ফার্মেসি, বাদল খান, আবুল হোসেনের প্রসাধনীর দোকান, আবদুস সালামের তেলের দোকান, আলম মিয়ার কাপড়ের দোকান, রিপন কর্মকারের স্বর্ণের দোকান, জসিম উদ্দিনের মুঠোফোনের দোকানসহ ৮৩টি দোকান ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বিমল হাওলাদার বিলাপ করতে করতে গতকাল শুক্রবার বলেন, ‘আমার দোকানে নগদ ৫০ হাজার টাকা এবং প্রায় তিন লাখ টাকার ওষুধপত্র সব পুড়ে গেছে।’আলম ক্লথ স্টোরের মালিক আলম মিয়া দাবি করেন, তাঁর দোকানের প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ঘর পুড়ে যাওয়ায় বাজারে বসবাসকারী ২০টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে।গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল আলীম, বেতাগী উপজেলা চেয়ারম্যান গোলাম কবির, বেতাগী উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুস সোবহান গতকাল সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে ১৫ কেজি করে চাল, এক কেজি করে ডাল, তেল, লবণ ও প্রয়োজনীয় কাপড় দেওয়া হয়েছে।ইউএনও হাবিবুর রহমান জানান, আগুনে ৮৩টি দোকান ছাই হয়ে গেছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা।ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল আলীম বলেন, ‘আগুনে ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাধ্যমতো সহায়তা দেওয়া হবে।’