চান্দগাঁও থানার এসআই সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় গত রোববার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষের সময় দায়িত্বে অবহেলার দায়ে পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই কর্মকর্তার নাম রুমেল বড়ুয়া। ঘটনার সময় তিনি চান্দগাঁও থানায় দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) ছিলেন। হামিদচরে সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন। পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের নিয়ে গতকাল রাতে পুলিশ অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়েছে। নিহত আবদুস সবুরের ভাই ইউসুফ রোববার রাতে চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার আগের দিন সন্ধ্যায় হামলাকারী ইউসুফ বাহিনীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও দায়িত্বরত কর্মকর্তা যথাযথ ব্যবস্থা নেননি। এ কারণে ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, হামিদচর এলাকার সন্ত্রাসী ইউসুফ সম্প্রতি উচ্চ আদালত থেকে অস্ত্র মামলায় জামিনে বের হয়ে এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। তার বাহিনীর লোকজন ওই এলাকার কর্ণফুলী নদীতে মাছের পোনা আহরণকারীদের কাছ থেকে চাঁদা দাবি করে। এই চাঁদা না দেওয়ায় রোববার রাতে স্থানীয় পোনা আহরণকারীদের সঙ্গে ইউসুফ বাহিনীর লোকজনের সংঘর্ষ হয়। পুলিশ ইউসুফকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।