চান্দগাঁও থানার ওসির ব্যাংকের অর্থের উৎস নিয়ে তদন্ত শুরু
চট্টগ্রাম নগর পুলিশের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আরা বেগমের ব্যাংক হিসাবে অস্বাভাবিক অর্থের উত্স নিয়ে গতকাল সোমবার থেকে তদন্ত শুরু করেছে নগর পুলিশ। পাঁচ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দিতে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করে বনজ কুমার প্রথম আলোকে বলেন, পুলিশ সদর দপ্তর এ সংক্রান্ত আদেশ জারি করেছে। পুলিশ কমিশনারের নির্দেশে তদন্ত হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।‘চট্টগ্রামে এক ওসির ব্যাংক হিসাবে অস্বাভাবিক অর্থ’ শিরোনামে গত ২০ ফেব্রুয়ারি প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনের সূত্র ধরে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।সংবাদ প্রকাশের পর ওসি রওশন আরা প্রথম আলোয় এ ব্যাপারে কোনো প্রতিবাদ পাঠাননি। তবে গত ২৩ ফেব্রুয়ারি স্থানীয় দৈনিক আজাদীর প্রথম পৃষ্ঠায় এবং জাতীয় দৈনিক যুগান্তর-এর শেষের পৃষ্ঠায় বিজ্ঞাপন দিয়ে প্রথম আলোয় প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন বলে দাবি করা হয়।প্রথম আলোয় প্রতিবাদ না পাঠিয়ে টাকা দিয়ে কেন অন্য পত্রিকায় প্রতিবাদ ছাপাতে গেলেন এমন প্রশ্নের জবাবে ওসি রওশন আরা বলেন, ‘আমি প্রতিবাদ দিইনি। কে দিয়েছে, তাও জানি না।’