চান্দাইকোনা বাজারে বিটিসিএলের সংযোগ বিচ্ছিন্ন এক বছর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে প্রায় এক বছর ধরে বিটিসিএলের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে ব্যবসায়ীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ধানগড়ায় ফুলজোড় নদীর ওপর বেইলি সেতু অপসারণ করে পিসি গার্ডার সেতু নির্মাণের কাজ শুরু হয় গত বছরের জানুয়ারিতে। বিটিসিএলের রায়গঞ্জ উপজেলা এক্সচেঞ্জ থেকে চান্দাইকোনা বাজারের শতাধিক টেলিফোন গ্রাহকের জন্য টেলিফোন তার সেতুর ওপর দিয়ে সরবরাহ করা হয়েছিল। সেতুটি অপসারণের কাজে নিয়োজিত লোকজন অসাবধানতায় টেলিফোনের কেব্ল কেটে ফেলায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেতু নির্মাণের কাজ প্রায় শেষ, কিন্তু বিচ্ছিন্ন টেলিফোনের তার প্রতিস্থাপন এখনো শুরু হয়নি। বিটিসিএল সিরাজগঞ্জের উপসহকারী প্রকৌশলী দীপক কুমার সরকার বলেন, চান্দাইকোনা বাজারের বিচ্ছিন্ন থাকা টেলিফোন লাইন সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।