চান্দিনা ও কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের চালক ও তাঁর সহকারী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। মৌলভীবাজারের কমলগঞ্জে গতকাল বৃহস্পতিবার গাড়িচাপায় এক বৃদ্ধা নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলভি গ্রামের বিল্লাল হোসেন (৫৫), উত্তর আলভি গ্রামের রিয়াদ হোসেন (২৫) ও কমলগঞ্জের ফুলবাড়ী চা-বাগান এলাকার বৃদ্ধা টেপনি (৭০)।
পুলিশ জানায়, ঢাকা থেকে চাঁদপুরগামী পদ্মা পরিবহনের যাত্রীবাহী একটি বাস গত বুধবার রাত পৌনে ১১টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার পালকি সিনেমা হলের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ওই বাসের চালক বিল্লাল হোসেন ও তাঁর সহকারী রিয়াদ হোসেন নিহত এবং বাসের ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা। পরে আহত ব্যক্তিদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়। দাউদকান্দির ইলিয়টগঞ্জ মহাসড়ক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি দুর্ঘটনাকবলিত হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
ফলুবাড়ী চা-বাগান সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত টেপনি (৭০) জন্ম থেকেই অন্ধ। তাঁর বিয়ে হয়নি। গতকাল বেলা ১টায় ফুলবাড়ী চা-বাগান থেকে বের হয়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে উঠতে গেলে একটি দ্রুতগামী যান তাঁকে চাপা দিয়ে চলে যায়। ঘটনার পরপরই পেছন থেকে আসা মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ঘটনাস্থলে এসে গাড়িচাপায় জন্মান্ধ বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখেন। পরে জেলা প্রশাসক কমলগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান আবদুল হান্নানকে বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন করতে নির্দেশ দেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, জেলা প্রশাসক ময়নাতদন্ত ছাড়াই বৃদ্ধার শেষকৃত্য করার অনুমতি দিয়েছেন।