চান্দিনা ও কেন্দুয়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
কুমিল্লার চান্দিনা পৌরসভার হারং এলাকায় পানিতে ডুবে মো. সিয়াম (৫) ও রবিউস সানি (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে হারং ভূঁইয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সিয়াম হারং এলাকার পল্লি চিকিৎসক মোস্তাফিজুর রহমানের ছেলে। রবিউস সানি একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। এ নিয়ে গত ১০ দিনে কুমিল্লায় আট শিশু পানিতে ডুবে মারা গেল।
হারং এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, গতকাল বুধবার দুপুরে তাঁর বাড়িতেই ওই দুই শিশু খেলা করছিল। দুপুর ১২টার পর থেকে তাদের সন্ধান পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। এরপর বেলা একটার দিকে প্রতিবেশী এক নারী বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। এ সময় তিনি ঘাটলায় নেমে তাঁর পায়ের নিচে কিছুর স্পর্শ পান। পরে বাড়ির লোকজন পুকুরে নেমে সিয়াম ও সানিকে উদ্ধার করে। তাদের চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বিষয়টি নিশ্চিত করেন।
কেন্দুয়ায় শিশুর মৃত্যু: কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুকুরে ডুবে টুটুল মিয়া (৩) নামের এক শিশু মারা গেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের রায়জুরা গ্রামে এ ঘটনা ঘটে। টুটুলের পরিবার সূত্র জানায়, ওই গ্রামের হাদিছ মিয়ার ছেলে টুটুল দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টুটুলকে মৃত ঘোষণা করেন।