চান্দিনা ও ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
কুমিল্লার চান্দিনা উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। একই দিন টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় দুজন প্রাণ হারান। ঢাকার বাইরে থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:দেবীদ্বার ও দাউদকান্দি (কুমিল্লা): এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় শুক্রবার (গতকাল) সকালে একটি মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। নিহত ব্যক্তিরা হলেন ঢাকা তিতুমীর কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মাহবুব হোসেন (১৮), আমাদের সময় পত্রিকার দুই অফিস সহকারী মো. হিরণ মিয়া (২০) ও শাকিল আহমেদ (২২)। নিহতেরা সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন। শাকিলের বড় বোন জেসমিন আক্তার জানান, তাঁর ভাই ওই দুজনকে নিয়ে অফিসের কাজে ঢাকা থেকে কুমিল্লায় যাচ্ছিলেন। পথে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রফিক বলেন, বেপরোয়া বাসটি আটক করা হয়েছে। ঘাটাইল (টাঙ্গাইল): প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ঘাটাইল উপজেলার দেউলাবাড়িতে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই নছিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসচালক কবীর তালুকদার (৩৫) মারা যান। আহত হন আরও ১৫ জন। আহত ব্যক্তিদের প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। সেখানে বাসের চালকের সহকারী জোয়াহের আলী (২৫) মারা যান।কবীর তালুকদারের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার পশ্চিম কাগমারা গ্রামে এবং জোয়াহেরের বাড়ি কালিহাতী উপজেলার শোলাকুড়ি গ্রামে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।