চান্দিনা ও ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এর একজন আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। একই দিন টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন চান্দিনা উপজেলার তুলাতলি গ্রামের আলী আহম্মদের ছেলে অটোরিকশার চালক অহিদুল ইসলাম (২৬) ও দেবীদ্বার উপজেলার বাগুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোখলেছুর রহমান (৩৫) এবং ধনবাড়ী উপজেলা সদরের টাকুরিয়া এলাকার আবদুস সামাদের ছেলে লালন মিয়া (২৯) ও মৃত শামছুল হকের ছেলে গোলাম মোস্তফা মিন্টু (২৬)।
ইলিয়টগঞ্জ মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাশরুরুল হক বলেন, গতকাল সকালে একমাত্র যাত্রী মোখলেছুরকে নিয়ে অহিদুল ইসলাম অটোরিকশায় গ্যাস নিতে ফিলিং স্টেশনে যাওয়ার জন্য পালকি সিনেমা হলের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে তাঁর অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই পথ দিয়ে একটি ট্রাক যাচ্ছিল। ট্রাকটি অহিদুল ইসলামের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অহিদুল ও মোখলেছুর গুরুতর আহত হন। দ্রুত তাঁদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাক ও অন্য অটোরিকশাটি পালিয়ে যায়। পুলিশ অহিদুলের অটোরিকশাটি উদ্ধার করেছে। নিহত ব্যক্তিদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
ধনবাড়ী থানার এএসআই প্রদীপ কুমার পাল জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের নলহরা এলাকায় একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল দুই আরোহী লালন মিয়া ও গোলাম মোস্তফা মিন্টু নিহত হন।