চান্দিনা থেকে বাংলামতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে গাজীপুরে ১৯৭০ সালের অক্টোবরে যাত্রা শুরু করে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট (ব্রি)। আজ প্রতিষ্ঠানটির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই চার দশকে প্রতিষ্ঠানটি আবিষ্কার করেছে ৫০টিরও বেশি জাতের ধান।ব্রি আবিষ্কৃত ধানের প্রথম জাতটির নাম ব্রি-১ ‘চান্দিনা’। দেশীয় বিজ্ঞানীদের আবিষ্কার করা ব্রি-৫০ বাসমতী চালের মতো সরু, লম্বা ও সুগন্ধযুক্ত বোরো ধান; নাম বাংলামতি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ গাজীপুরে ব্রির কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চার দশক পূর্তি উপলক্ষে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্রি। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. আবদুল মান্নান, গবেষক মো. খায়রুল বাশার, জীবন কৃষ্ণ বিশ্বাস প্রমুখ।কৃষি গবেষক জেড করিম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ৯৩ লাখ টন ধান উৎপাদিত হতো, এখন উৎপাদিত হচ্ছে তিন কোটি মেট্রিক টন। উচ্চফলনশীল ধান উৎপাদন করে প্রায় ১৫ কোটি মানুষের আহার জোগানোর গুরুদায়িত্বটি ব্রি পালন করছে।’ ব্রির গবেষণা কর্মকর্তারা জানান, ব্রি উদ্ভাবিত অনেক জাত দেশের ৭৫ শতাংশ জমিতে চাষ হচ্ছে। জনপ্রিয় হয়েছে ভারত, নেপাল, ভুটান, ভিয়েতনাম, মিয়ানমার, চীন, কেনিয়া, ইরাক, ঘানা, গাম্বিয়া, বুরুন্ডি ও সিয়েরা লিওনে।ব্রির উদ্ভাবিত ধানের জাতগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক ফলনশীল ব্রি-২৮ ও ব্রি-২৯। এ দুটি জাত বোরো মৌসুমে ৭০ শতাংশ জমিতে উৎপাদিত হচ্ছে। এ ছাড়া মঙ্গাপীড়িত এলাকায় ব্রি-৩৩, বরিশাল জেলার যেসব জমিতে ৫০-৬০ সেন্টিমিটার উচ্চতার জোয়ার হয়; সেসব এলাকায় ব্রি-৪৪ ও বন্যাপ্রবণ এলাকায় ব্রি-৪৬ জনপ্রিয়।শুধু ধানের জাত আবিষ্কারেই সীমাবদ্ধ থাকেনি ব্রি। প্রতিষ্ঠানটির গবেষকেরা জানান, কৃষিকাজকে লাভজনক করার লক্ষ্যে তাঁরা নানা ধরনের প্রযুক্তির উদ্ভাবন করেছেন। ব্রির মহাপরিচালক মোহাম্মদ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, বাংলাদেশে ধানের উৎপাদন বৃদ্ধিতে অনেক প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতা দূর করতে নতুন জাতের ধান আবিষ্কার করাই এখন ব্রির লক্ষ্য।