চান্দিনাজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, পুলিশি বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য রেদোয়ান আহমেদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। চান্দিনার তিনটি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং উপজেলা এলডিপির উদ্যোগে ওই সমাবেশ হয়। তবে উপজেলা কমপ্লেক্স এলাকার দিকে মিছিল গেলে পুলিশ বাধা দেয় এবং ব্যানার কেড়ে নেয়। জানা গেছে, গত সোমবার রাতে রেদোয়ান আহমেদসহ তিনজনের বিরুদ্ধে চান্দিনা থানায় মামলা হয়। এরই প্রতিবাদে গতকাল বুধবার দুপুর ১২টায় মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। দুপুর একটায় চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা চান্দিনা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে। ওই সময় উপজেলা কমপ্লেক্স এলাকায় মিছিল যেতে চাইলে পুলিশ বাধা দেয় এবং ব্যানার কেড়ে নেয়। বেলা ১১টায় মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।এদিকে দুপুরে মাধাইয়া বাসস্ট্যান্ডে মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা এলডিপির আহ্বায়ক বাচ্চু মিয়া। বেলা তিনটায় চান্দিনার বেলাশ্বর এলাকায় অবস্থিত দ্য লাইট হাউস রেস্তোরাঁর সামনে প্রতিবাদ সমাবেশ করে উপজেলা এলডিপি। এতে রেদোয়ান আহমেদের স্ত্রী মমতাজ আহমেদ বক্তব্য দেন।রেদোয়ান আহমেদ মুঠোফোনে গতকাল বুধবার বিকেলে বলেন, ‘আমি এখন বেগম জিয়ার সঙ্গে উত্তরবঙ্গের রোডমার্চে আছি। আমার প্রতিষ্ঠিত কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এবং এলডিপির নেতা-কর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আমার বিরুদ্ধে এই মামলা করা হয়। গত সোমবার বিকেলে রেদোয়ানের মালিকানাধীন হোটেল থেকে ১৪ বোতল ফেনসিডিল পাওয়ার অভিযোগে চান্দিনা থানার পুলিশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেন।