চান্দিনায় অপবাদ সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা উপজেলায় বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়ে ও অপবাদ সহ্য করতে না পেরে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মাধাইয়া ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর নাম লাবণ্য আক্তার লাভলী। সে মাধাইয়া ছাদিম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গত শুক্রবার সন্ধ্যায় সোনাপুর গ্রামে লাভলীদের বাড়িতে পার্শ্ববর্তী রামপুর গ্রামের আসবাবমিস্ত্রি রাসেল লাভলীর বাবা বাবুল মিয়ার কাছে পাওনা টাকা চাইতে আসেন। প্রতিবেশী চার যুবক রিপন, রাজু, জামাল ও ইসমাইল এ সময় রাসেলকে মারধর করে এবং লাভলী ও রাসেলকে জড়িয়ে অপবাদ রটায়। লাভলীর বাবা-মা এর প্রতিবাদ করলে তারা লাভলী ও তার মায়ের নামে আরও কুৎসা রটানোর এবং তাঁদের সমাজচ্যুত করার হুমকি দেয়।পারিবারিক সূত্র জানায়, এই অপবাদ সইতে না পেরে ওই দিন রাতে লাভলী বিষপান করে। তাকে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শনিবার ভোর চারটার দিকে তার মৃত্যু হয়। লাভলীর পরিবারের সদস্যরা বলেছেন, ওই চার যুবক প্রায়ই লাভলীকে উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। লাভলী তাতে রাজি না হওয়ায় রাসেলকে জড়িয়ে তারা অপবাদ রটায়।মাধাইয়া ছাদিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক বলেন, তাঁরা তাঁদের শিক্ষার্থীর এই মৃত্যু মেনে নিতে পারছেন না। আজ মঙ্গলবার উত্ত্যক্তকারীদের বিচার চেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের পক্ষ থেকে মানববন্ধন করবে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) নুরুল আফসার ভূঁইয়া জানান, লাভলীর মা জোসনা বেগম বাদী হয়ে ওই চার যুবককে আসামি করে চান্দিনা থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।