চান্দিনায় পত্রিকা হকারকে কুপিয়ে জখম
কুমিল্লার চান্দিনায় জামাল হোসেন (৩৮) নামে এক পত্রিকা হকারকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার সকালে চান্দিনার হারুন ভূঁইয়া মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।আহত জামালকে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তাঁর ভাই মো. শাহজাহান চান্দিনা থানায় মামলা করেছেন। চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়া বলেন, শুক্রবার সকালে দেবীদ্বার উপজেলার বাগুর মধ্যপাড়া গ্রামের খলিলুর রহমান ওরফে বাংলা ভাই (২৫) হকার জামাল হোসেনের কাছে একটি পত্রিকা দাবি করেন। এ সময় জামাল হোসেন বলেন, ওই পত্রিকা একজন নির্ধারিত গ্রাহকের। এ নিয়ে জামালের সঙ্গে খলিলুরের ঝগড়া হয়। এরপর গতকাল সকাল সোয়া সাতটার দিকে খলিলুর হারুন ভূঁইয়া মার্কেটের গিয়ে ধারালো ছোরা দিয়ে জামালের বাম হাতে আঘাত করেন। এতে তাঁর হাতের রগ কেটে যায়। এসআই বলেন, খলিলুর মাদকাসক্ত বলে জানা গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। চান্দিনার পত্রিকা এজেন্ট নারায়ণ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘খলিলুর একেক দিন একেক হকারের কাছ থেকে পত্রিকা নেন। কিন্তু টাকা দেন না।’