চান্দিনায় ভোটকেন্দ্রে সংঘর্ষে আহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা পৌরসভায় আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারা, ককটেল বিস্ফোরণ করার অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার দুই ভোটকেন্দ্রে সংঘর্ষে অন্তত ১১ ব্যক্তি আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে. গতকাল সকাল ১০টার দিকে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বাচ্চু মিয়া ও আবদুস ছামাদের সমর্থকের মধ্যে ভোটকেন্দ্রের সামনে সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হয়েছেন। তাঁরা হলেন বেলাশ্বর গ্রামের বিল্লাল শেখ, সালাম শেখ, বিল্লাল হোসেন, শহিদুল ইসলামের স্ত্রী মরিয়ম খাতুন, মো. রাজু ও শাহ আলম। তাঁদের মধ্যে বিল্লাল শেখকে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা একটার দিকে ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ ঘটে। ১ নম্বর ওয়ার্ডের পূর্ব বেলাশ্বর ভোটকেন্দ্রে দুপুর ১২টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ৯ নম্বর ওয়ার্ডের তুলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তুলাতলি গ্রামের আবুল হাসেমের ছেলে খোরশেদ আলম নামের একজনসহ আরও চারজন আহত হয়েছেন।
আওয়ামী লীগের প্রার্থী মফিজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা কোথাও হাঙ্গামা করেননি।