চান্দিনায় ভোটকেন্দ্রে হামলা, আহত ৩, সোনাগাজীতে দণ্ড
কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল মঙ্গলবার একটি ভোটকেন্দ্রে চেয়ারম্যান পদের এক প্রার্থীর লোকজন হামলা চালিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এদিকে ফেনীর সোনাগাজী উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান পদের একজন প্রার্থীসহ মোট আটজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, বেলা ১১টার দিকে চান্দিনার গল্লাই ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৪ নম্বর বুথে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জসিম উদ্দিনের লোকজন ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করে। এতে তালা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল করিমের এজেন্ট তোফাজ্জল হোসেন বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করে।এ ঘটনায় কুমিল্লায় পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এএসআই নূরুল হকসহ তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে।ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় ৪০ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল।ভোটকেন্দ্রে উপস্থিত কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার ভৌমিক জানান, পুলিশ ১৪টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সোনাগাজীর নয়টি ইউনিয়নের মধ্যে নবাবপুর, আমিরাবাদ, মতিগঞ্জ ও সোনাগাজী সদর—এই চার ইউনিয়নে গতকাল নির্বাচন চলাকালে বেশ কিছু কেন্দ্রে নির্বাচনী বিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রের ভাষ্য অনুযায়ী, সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদের প্রার্থী শেখ ইসমাইলকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে ওই ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে আরেক যুবককে। মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি ইবনে আলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাঁচজন নারীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোনাগাজী সদরের খোয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে আরও এক ব্যক্তিকে।