চান্দিনায় মাদ্রাসাশিক্ষককে পিটিয়ে হত্যা
বাঁশ কাটা নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লার চান্দিনায় সুজাত আলী (৫৫) নামে এক মাদ্রাসাশিক্ষক খুন হয়েছেন। চাচাতো ভাই ও ভাতিজা তাঁকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের মেহার গ্রামে এ ঘটনা ঘটে।
সুজাত আলী (৫৫) ওই গ্রামের বাসিন্দা। তিনি বুড়িচং উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
নিহত সুজাত আলীর ছেলে সাব্বির আহমেদ বলেন, ‘বাবা আমাদের বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে বাঁশ কাটতে গেলে তাঁর চাচাতো ভাই কবির হোসেন ও মো. সোহেলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা বাবাকে লাঠি দিয়ে আঘাত করেন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চান্দিনা থানার ওসি গোলাম মোর্শেদ বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।