চান্দিনায় স্কুলঘরের চালা ধসে শিক্ষক শিক্ষার্থীসহ আহত ৫০
কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট উচ্চবিদ্যালয়ের শ্রেণীকক্ষের টিনের চালা ধসে গতকাল বুধবার তিন শিক্ষকসহ অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত দুই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন: শিক্ষক আনোয়ার হোসেন, সঞ্জীত চন্দ্র বিশ্বাস ও জীবন কৃষ্ণ দাস এবং নবম শ্রেণীর শিক্ষার্থী খোদেজা, রাজিয়া, তানিয়া, সামজিদা, ইউনুছ, সাইফুল, শাহজাহান, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আমেনা, সানজিদা, সায়মা, সালমা, ইতিসহ অর্ধশত শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র দেবনাথ জানান, শ্রেণীকক্ষের অভাবে অনেক কষ্টের মধ্যেই বিদ্যালয়ের বাঁশের বেড়াবেষ্টিত টিনের ছাউনি দিয়ে সপ্তম শ্রেণীর খ ও গ এবং নবম শ্রেণীর বিজ্ঞান শাখার শ্রেণীকার্য পরিচালনা করা হচ্ছে। গতকাল ক্লাস চলাকালে টিনের চালা ভেঙে পড়ে। পরে বরকইট বাজার থেকে শতাধিক লোক এসে শিক্ষার্থীদের উদ্ধার করে। গুরুতর আহত নাজমা খাতুন ও সানজিদা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন জানান, ‘আগামীকাল (বৃহস্পতিবার) স্কুল পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’