চান্দিনায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে কুমিল্লাগামী এশিয়ালাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেলে একজন নিহত ও ১০ জন আহত হয়। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার খাদ ঘর এলাকায় ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর পরিচয় শনাক্ত করা যায়নি। আহত ব্যক্তিদের মধ্যে চান্দিনার কুটুম্বপুরের বিশ্বজিৎ সাহা (৩২), দেবীদ্বারের মোতাহের হোসেন (৪৫), রিপন মিয়া (৩৩), ব্রাহ্মণপাড়ার ইমাম হোসেন (২০), কুমিল্লার আদর্শ সদরের আবদুল আজিজ (৭০), মমিন মিয়া (৫০), সেলিনা আক্তার (৪০), সোহেল মিয়া (১৯) ও রানা হোসেনকে (১৭) প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাবিবুর রহমান খান বলেন, আহত ব্যক্তিদের মধ্যে বিশ্বজিতের অবস্থা বেশি আশঙ্কাজনক। অন্যদের মধ্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সবাই একই পরিবারের।
ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপর বাসটি অন্যত্র সরিয়ে নেওয়ায় যানজটের সৃষ্টি হয়নি। লাশ ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।