চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ রোববার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস একটি পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনজন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
নিহত ব্যক্তিরা হলেন চান্দিনা উপজেলার কেরনখাল গ্রামের জহরলাল সরকার (৪৫), নারায়ণ সরকার (৪২) ও সন্তোষ সরকার (৪০)। নিহত ব্যক্তিরা সবাই পিকআপের আরোহী ছিলেন।
দুর্ঘটনায় হানিফ পরিবহনের চালক আবদুল হাকিম গুরুতর আহত হন। তাঁকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো করা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে হানিফ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চান্দিনার নূরিতলা এলাকা অতিক্রম করছিল। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আসবাববাহী একটি পিকআপ ভ্যান এ সময় সংযোগ সড়ক দিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হানিফ পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা দেন। এতে পিকআপ ভ্যানটি উল্টে গিয়ে সড়কের মধ্যে পড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের তিন আরোহী মারা যান। হানিফ পরিবহনের বাসটিও মহাসড়কের বাঁ পাশে একটি গর্তে পড়ে যায়। এতে বাসের ১০ যাত্রী আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। পরে প্রাথমিক চিকিত্সা শেষে তাঁরা বাড়ি ফিরে যান।
প্রথমে নিহত ব্যক্তিদের লাশ ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়। পরে বিকেলের দিকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোর্শেদ প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।