চান্দিনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা উপজেলায় মো. সুজন হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নুরুন নাহার বেগম শিউলি। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ওই রায় দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন: চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের আবুল কালাম (২৪), একই গ্রামের মো. সবুজ (২০) ও আজামপাড়া গ্রামের মো. তৌফিক (২০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তাফিজুর রহমানের ওপর হামলা চালান। পুলিশ তাঁদের প্রতিহত করে।
জানতে চাইলে কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তাফিজুর রহমান বলেন, মোটরসাইকেল কেনার টাকা আত্মসাৎ​ করার জন্য তিন বন্ধু মিলে সুজনকে নৃশংসভাবে হত্যা করা হয়। বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালত ওই তিনজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন।
কুমিল্লার অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিপিপি) মো. আবু তাহের জানান, কুমিল্লার মুরাদনগর উপজেলার কালাডুমুর গ্রামের বাসিন্দা (চান্দিনায় বসবাসরত) জাহানারা বেগমের ছেলে মো. সুজন ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর মোটরসাইকেল কেনার জন্য এক লাখ ৬০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ৯ টার পর থেকে সুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সুজনের বন্ধু আবুল কালাম, মো. তৌফিক ও মো. সবুজ ওই দিন রাতে তাঁকে পরামর্শ দেয় পালসার মোটরসাইকেল কিনতে বাড়তি যত টাকা লাগবে বাকি টাকা তাঁরা দেবে। এরপর তাঁকে নিয়ে তাঁরা চান্দিনা পৌরভবন এলাকায় যায়। একপর্যায়ে মাদকজাতীয় কোমল পানীয় খাইয়ে তাঁকে মাতাল করে ফেলে। রাত সাড়ে ১২ টার দিকে চান্দিনা মহিলা কলেজের পেছনে তিনদিকে সীমানা প্রাচীরবেষ্টিত একটি জমিতে নিয়ে গিয়ে সুজনকে হত্যা করা হয়।
অতিরিক্ত পিপি মো. আবু তাহের বলেন, ‘চান্দিনা বাজারে সুজনের মনোহারী দোকান ছিল। রাষ্ট্রপক্ষ এ মামলার আদেশে সন্তুষ্ট।’ সুজনের মা জাহানারা বেগম দ্রুত এ মামলার রায় কার্যকর করার দাবি জানান। তিনি বলেন, ‘ছেলে হত্যার ন্যায়বিচার পেয়েছি।’