চান্দের গাড়ির চাপায় শিশু শিক্ষার্থী নিহত
টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় টেকনাফ-কক্সবাজার সড়কে চান্দের গাড়ি চাপায় তসলিমা আক্তার (১০) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু শিক্ষার্থী টেকনাফ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ও পৌরসভার পুরান পল্লানপাড়া এলাকার বাসিন্দা জাফর আহমদ মিস্ত্রির মেয়ে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ জানান, টেকনাফ বাসস্ট্যান্ড থেকে বাহারছড়াগামী চান্দের গাড়িটি ইসলামাবাদ এলাকায় স্কুলগামী তসলিমা আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। তবে চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেছে। চালকসহ গাড়িটি আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
টেকনাফ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আলিম বলেন, স্কুলে আসার সময় গাড়ি চাপায় তসলিমা নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত চালককে গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি।