ইউরোপ থেকে অবৈধ লোকজনকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখার কথা বলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রাসেলসে গত বুধবার যৌথ কমিশনের বৈঠকের পর দেওয়া বিজ্ঞপ্তিতে ইইউ বলেছে, অবৈধভাবে ইউরোপ পাড়ি দেওয়া লোকজনকে ফিরিয়ে নিতে চলতি জুলাইয়ের মধ্যে প্রক্রিয়া চূড়ান্ত করতে হবে বাংলাদেশকে। অথচ বৈঠকে ওই প্রক্রিয়া আরও দুই মাস পর অর্থাৎ সেপ্টেম্বরে চূড়ান্ত করার কথা বলেছিল ইইউ।
প্রথা অনুযায়ী যৌথ কমিশনের বৈঠকের পর যৌথ বিজ্ঞপ্তি প্রচার করা হয়। কিন্তু বুধবার ব্রাসেলসে যৌথ কমিশনের অষ্টম বৈঠকে অবৈধ বাংলাদেশিদের ফেরত ও শ্রম অধিকার প্রশ্নে দুই পক্ষের মতপার্থক্যের কারণে যৌথ বিবৃতি প্রচার করা হয়নি। ইইউ ওয়েবসাইটে দেখা গেছে, ব্রাসেলসের স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে আপলোড করা হয়। দুই পক্ষের বৈঠকটি শেষ হয় বুধবার বিকেলে।
ইইউর বিজ্ঞপ্তি প্রচারের পর বাংলাদেশের পক্ষ থেকে আলাদা কোনো বিজ্ঞপ্তি দেওয়া হবে কি না, তা গতকাল শুক্রবার ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের একাধিক কূটনীতিকের কাছে ই-মেইলে জানতে চাওয়া হয়। জবাবে তাঁরা জানান, গতকাল পর্যন্ত বিজ্ঞপ্তি প্রচারের সিদ্ধান্ত হয়নি।
বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহীদুল হক ও ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি।
ইইউর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিবাসনের বিষয়ে বাংলাদেশের সঙ্গে ইইউর বিস্তারিত আলোচনা হয়েছে। ইইউ থেকে অবৈধ বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নিতে এসওপির (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) ব্যাপারে সংশোধনী বৈঠকে উপস্থাপন করে বাংলাদেশ। গত বছরের জুনে বাংলাদেশের কাছে ওই এসওপির খসড়া দেওয়া হয়েছিল। আলোচনায় অগ্রগতি না হওয়ার অর্থ নির্দিষ্ট সময়ে এসওপি চূড়ান্ত করা যাচ্ছে না। এ নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করে ইইউ। অবৈধ লোকজনকে ফিরিয়ে নিতে জুলাইয়ের মধ্যে এসওপি নিয়ে আলোচনা শেষ করতে বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখবে ইইউ।
ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে শ্রম অধিকার সমুন্নত রাখা, বিশেষ করে সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করাসহ সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও ইইউ। এ ক্ষেত্রে আইএলওর সাম্প্রতিক সুপারিশ কার্যকরভাবে বাস্তবায়নে বাংলাদেশ পদক্ষেপ নিতে শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়নের জন্য ব্যবসার পরিবেশ উন্নয়নে ইইউ-বাংলাদেশ ব্যবসার পরিবেশ সংলাপ অনুযায়ী উন্নতি করার বিষয়টিতে জোর দিয়েছে ইইউ।
বুধবারের বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা এই প্রতিবেদককে বলেন, ইইউ প্রস্তাব করে, তাদের দেওয়া তালিকা অনুযায়ী দুই দিনের মধ্যে আটক লোকজনের পরিচয় বাংলাদেশকে নিশ্চিত করতে হবে। তা না হলে দুই দিনের সময়সীমা শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। নতুন প্রস্তাব যুক্ত করে সেপ্টেম্বরের মধ্যে এসওপি চূড়ান্ত করতে বলে ইইউ। বৈঠকেই
হঠাৎ করে দুই দিনের মধ্যে লোকজনের পরিচয় নিশ্চিত করতে না পারলে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা প্রথমবারের মতো তোলা হয়।
বাংলাদেশ মনে করে, যাচাই-বাছাই দুই দিনে যেমন শেষ হতে পারে, আবার তা করতে এক বছরও লাগতে পারে। কাজেই সেপ্টেম্বরের মধ্যে এসওপি চূড়ান্ত করা প্রায় অসম্ভব। ফলে দুই পক্ষের পরস্পরবিরোধী অবস্থানের কারণে শেষ পর্যন্ত এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অবৈধ বাংলাদেশির সংখ্যা কত, তার কোনো তালিকা না দিলেও চলতি বছর এ পর্যন্ত শুধু অবৈধভাবে ইউরোপে প্রবেশের সময় আট হাজার ব্যক্তিকে আটকের কথা উল্লেখ করেছে ইইউ প্রতিনিধিদল।
অবশ্য ইউরোপীয় কমিশনের (ইসি) পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৯৩ হাজার ৪৩৫ জন বাংলাদেশিকে অবৈধভাবে প্রবেশের সময় আটক করা হয়েছে।