যানবাহনের চাপ থাকলেও যানজট নেই

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ বুধবার যানবাহনের ব্যাপক চাপ থাকলেও যানজট তেমন নেই। কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে মির্জাপুরের গোড়ই পর্যন্ত সকালে কিছুটা যানজট থাকলেও সকাল ১০টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। দুপুর পৌনে ১টা পর্যন্ত ধীর গতিতে হলেও গাড়ি চলাচল করতে দেখা গেছে।
গাজীপুরের কোনাবাড়ী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু দাউদ খান প্রথম আলোকে জানান, আজ ভোররাতে এই সড়কে যানবাহনের ব্যাপক চাপ বেড়ে যায়। একই সঙ্গে বৃষ্টি থাকায় বিভিন্ন যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারেনি। এ ছাড়া বিভিন্ন স্থানে ট্রাকের চালকেরা ঘুমিয়ে পড়েন। এ কারণে ভোররাত থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত এ সড়কে যানজট ছিল। পরে পুলিশের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে হালকা বৃষ্টি হলেও মহাসড়কের গাজীপুর অংশে কোনো যানজট সৃষ্টি হয়নি। তবে আজও পশুবাহী ট্রাক রাজধানীর পথে আসতে থাকায় এবং রাজধানী থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাওয়ায় মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ রয়েছে।

কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে (দুপুর সোয়া ১২টা) মহাসড়কে কোনো যানজট নেই।’