চাপ কম, চট্টগ্রামে সিএনজি স্টেশনে গ্যাস বিক্রি বন্ধ
চট্টগ্রামে তীব্র গ্যাস-সংকটের কারণে সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলো যানবাহনে গ্যাস বিক্রি বন্ধ করে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই গ্যাসের চাপ না থাকায় কোনো স্টেশনেই গ্যাস বিক্রি করা যায়নি।জানা যায়, শীতের তীব্রতা যতই বাড়ছে, ততই কমছে গ্যাসের চাপ। এক সপ্তাহ ধরে চট্টগ্রামে গ্যাস-সংকট বেড়েই চলছে। এ সময় গ্যাসের চাপ কম থাকায় আবাসিক এলাকায় রান্নার কাজে ভোগান্তির সৃষ্টি হয়। কিন্তু গতকাল গ্যাসের চাপ এতটাই কমে যায় যে, সিএনজি স্টেশনগুলো কোনো গাড়িতে গ্যাস দিতে পারেনি।একাধিক চালকের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকে একাধিক স্টেশনে গিয়েও গ্যাস পাওয়া যায়নি। গ্যাস স্টেশনের লোকজন তাঁদের রাত নয়টার পর আসতে বলেছেন। ফলে বাধ্য হয়ে অনেকে পেট্রল দিয়ে গাড়ি চালাচ্ছেন। তবে নগরের অলংকার মোড়ের দিকে কয়েকটি স্টেশনে গ্যাস বিক্রি করতে দেখা যায়। এসব স্টেশনে শত শত গাড়ি দীর্ঘ সারি বেঁধে গ্যাসের জন্য লাইনে দাঁড়ায়। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার জাতীয় গ্রিড, সাঙ্গু ও স্যামুতাং গ্যাসক্ষেত্র থেকে ২০০ মিলিয়নের মতো গ্যাস পাওয়া যায়। কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণে গ্যাসের চাপ কমে যায়। ফলে সংকটের সৃষ্টি হয়েছে।