চাপ পড়লেও জেএসসি পরীক্ষা ঠিক সময়েই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শেষ মুহূর্তে দায়িত্ব পাওয়ায় প্রস্তুতিতে চাপ পড়লেও জেএসসি ও জেডিসি পরীক্ষা ঠিক সময়েই অনুষ্ঠিত হবে। এ নিয়ে উদ্বেগ ও অনিশ্চয়তায় না ভুগতে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
গতকাল রোববার এই দুই পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
পরীক্ষা শুরুর মাত্র ১২ দিন আগে গত বৃহস্পতিবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নিতে অপারগতা প্রকাশ করে শিক্ষামন্ত্রীকে উপানুষ্ঠানিক পত্র দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। ওই চিঠিতে এ দুই পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার কথা বলা হয়। এবার এই দুই পরীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে হওয়ার কথা ছিল। এর পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অভিযোগ উঠেছে, দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতার কারণেই শেষ মুহূর্তে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অবশ্য এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কোনো সমন্বয়হীনতা নেই।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যেহেতু তারা (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) অপারগতা প্রকাশ করেছে, তাই দায়িত্ব নিয়েছি। কারণ পরীক্ষা অব্যাহত রাখতে হবে। যদিও চাপ পড়বে। রাত-দিন খেটে কাজ করতে হবে। তবে ১০ দিনেই প্রস্তুতি সম্পন্ন করতে পারব।’ তিনি বলেন, পরীক্ষা ও ফল যথাসময়ে হবে। এ নিয়ে যেন কেউ দ্বিধায় না থাকেন।
আগামী ১ নভেম্বর শুরু হবে এ দুই পরীক্ষা। শেষ হবে ১৭ নভেম্বর। এবার এ দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৪ লাখ ১০ হাজার ১৫ জন।