উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পূর্ণাঙ্গ প্রসূতিসেবা না থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওপর দিন দিন চাপ বাড়ছে। দূর গ্রামের মানুষ নির্ভরশীল হয়ে পড়ছে এই হাসপাতালের ওপর।চমেক হাসপাতালে ভর্তি হওয়া প্রসূতি ও স্ত্রীরোগে আক্রান্ত নারীদের ৮০ শতাংশই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।অত্যধিক রোগীর চাপে চমেক হাসপাতালের পরিবেশ ও সেবার মানের অবনতি ঘটছে। অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা কারণে প্রসূতি ও নবজাতকেরা সংক্রমণের শিকার হচ্ছে। সংক্রমণের কারণে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটছে।চমেক হাসপাতালের ২০১১ সালের প্রতিবেদনে দেখা গেছে, সংক্রমণের কারণে সে বছর নয়জন প্রসূতি ও ৮৯ জন নবজাতক মারা যায়। এটি মোট মাতৃ ও নবজাতক মৃত্যুর যথাক্রমে ১৪ ও ২৬ শতাংশ। গত বছর এ হাসপাতালে ২০ হাজার ৯৯৪ জনকে প্রসূতি ও স্ত্রীরোগের চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ৭৭ জন প্রসূতি ও ৩৫০টি নবজাতকের মৃত্যু হয়। চিকিৎসকদের অভিমত, অতিরিক্ত রোগীই এই অবস্থার কারণ।প্রসূতি বিভাগের জ্যেষ্ঠ কনসালট্যান্ট মাহবুবুল আলম বলেন, ‘আমাদের এখানে মেঝেতে পর্যন্ত রোগী রাখতে হয়। ভর্তি হওয়া রোগীদের ৭০-৮০ শতাংশই গ্রামের। শয্যাগুলোর মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না। এতে এক রোগীর কাছ থেকে অন্য রোগীর সংক্রমণ হয়।’শয্যাসংখ্যা ৫৪ করে হলেও প্রসূতি ও স্ত্রীরোগের তিনটি ওয়ার্ডে প্রতিদিন এক শর বেশি রোগী থাকেন। গত বছর এখানে প্রসবসংক্রান্ত রোগী ছিলেন ১৬ হাজার ৩৩৪ জন। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের হার ৪৮ দশমিক ৫৩ শতাংশ। সম্প্রতি হাসপাতালে সরেজমিনে দেখা যায়, ৩৪ নম্বর প্রসবোত্তর ওয়ার্ডে ১০৪ জন রোগী ভর্তি ছিলেন। বেশির ভাগ রোগীই চট্টগ্রামের ১৪ উপজেলা ও পাশের জেলা থেকে এসেছেন।এখানে অস্ত্রোপচারের মাধ্যমে মৃত বাচ্চা প্রসব করেন ফটিকছড়ির খাদিজা আক্তার (৩০)। গত ১৯ জুলাই ভর্তি হওয়া এই প্রসূতির সংক্রমণের কারণে বাড়ি ফিরতে দেরি হয়। প্রসূতি ওয়ার্ড ঘুরে দেখা যায়, রোগীদের বিছানার মধ্যে ব্যবধান খুব কম। শৌচাগারগুলো নোংরা। সর্বক্ষণ পানি থাকে না।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অস্ত্রোপচার না হওয়া বা ২৪ ঘণ্টা চিকিৎসা না পাওয়ায় সদর হাসপাতালের ওপর গ্রামের রোগীদের নির্ভরতা বাড়ছে। উপজেলা হাসপাতালে চিকিৎসকেরা আড়াইটা পর্যন্ত থাকলেও বাকি সময় একজন মাত্র চিকিৎসক থাকেন। ফলে জরুরি রোগীদের পাড়ি জমাতে হয় চট্টগ্রাম শহরে।