চাপ শব্দেই চাপা পড়ল সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দটি হলো চাপ। এই চাপ সরকারের ওপর সৃষ্টির প্রস্তাব ছিল একটি ধারণাপত্রে। এই নিয়ে জোর আপত্তি। এর জেরে মতবিনিময় সভাই পণ্ড হয়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে এ ঘটনা ঘটে।

হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি), ১৯টি মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের সমন্বয়ে গঠিত জোটের পক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) কুষ্টিয়া শাখা এই সভার আয়োজন করেছিল। সভায় বিচারক, স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক তৌহিদুল ইসলাম এবং কয়েকজন বিচারিক হাকিম আমন্ত্রিত অতিথি ছিলেন। জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) মোস্তাক আহমেদ। পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবুল কালাম।

এই মতবিনিময় সভা শুরুর আগে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) স্টেকহোল্ডার বিষয়ে খসড়া প্রতিবেদনের ধারণাপত্রের অনুলিপি সবাইকে দেওয়া হয়। ওই ধারণাপত্রের একটি অংশে লেখা ছিল, ‘ইউপিআর প্রক্রিয়া সম্পর্কে জনগণকে জানানো ও পরবর্তী সময়ে এই প্রক্রিয়ার আওতায় সরকার যে অঙ্গীকারগুলো করবে, সেগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং সরকারের ওপর চাপ সৃষ্টিতে একযোগে অ্যাডভোকেসি করা।’

এডিএম মোস্তাক আহমেদ চাপ শব্দটি নিয়ে আপত্তি তোলেন। উপস্থিত অন্যরাও এই নিয়ে তর্কে লিপ্ত হন। একপর্যায়ে এডিএম বিকেল পাঁচটার দিকে সভাস্থল ত্যাগ করেন। এরপর পুলিশ কর্মকর্তাও চলে যান। এরপর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২-এর বিচারক তৌহিদুল ইসলাম বলেন, ‘সরকারের দুজন কর্মকর্তা সভা বয়কট করে চলে গেছেন। যেহেতু সভাকক্ষটি আমাদের, সেহেতু আমরা এখানেই আছি। এখন ব্লাস্টের সভাপতি সভা শুরু করবেন কি করবেন না সেটা তাঁর ব্যাপার। আমরা অতিথি মাত্র।’

এরপর কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) আ স ম আখতারুজ্জামান বলেন, চাপ শব্দটি রাখা ঠিক হয়নি। তবে বিষয়টি নিয়ে আলোচনা করা যেত।

ব্লাস্টের কুষ্টিয়া ইউনিটের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘চাপ শব্দটি আপত্তিকর। এটা লেখা কোনোভাবেই ঠিক হয়নি। তবে উঠে যাওয়াও ঠিক হয়নি। বিষয়টি নিয়ে ফাইট করে যাওয়া উচিত ছিল। চাপ শব্দটি আমি এক্সপাঞ্জ করে নিলাম।’ এবার বিচারক তৌহিদুল ইসলাম বলেন, ‘সভাটি শেষ হয়েও হইল না শেষ।’ এরপর সবাই কক্ষ ছেড়ে চলে যান।

ব্লাস্টের কুষ্টিয়া ইউনিটের সমন্বয়ক শংকর মজুমদার বলেন, ধারণাপত্রটি ঢাকা কার্যালয় থেকে পাঠানো হয়েছে। সেটি ছেপে সবাইকে দেওয়া হয়েছিল।