চাপ সত্ত্বেও রোহিঙ্গা নির্যাতন বন্ধ করছে না মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান রোহিঙ্গা নির্যাতন গণহত্যার শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, রোহিঙ্গারা যেভাবে বর্বর নির্যাতন, ধর্ষণ, হত্যা ও অগ্নিসংযোগের শিকার হচ্ছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এ জন্য মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও মিয়ানমার রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন বন্ধ করছে না।

গতকাল সোমবার বেলা ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এসব কথা বলেন। গত রোববার কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং, বালুখালী এবং টেকনাফের নয়াপাড়া ও লেদা এলাকার কয়েকটি রোহিঙ্গা শিবির ঘুরে দেখেন তিনি।

চলমান রোহিঙ্গা সমস্যা সমাধানে সয়বাদ সম্মেলনে তিন দফা সুপারিশ তুলে ধরেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এর মধ্যে রয়েছে কফি আনান কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নে আন্তর্জাতিক মহলের চাপ প্রয়োগ। রাখাইনে গণহত্যা যারা চালাচ্ছে, তাদের আন্তর্জাতিক আদালতে বিচার এবং বাংলাদেশে ঢুকে পড়া কয়েক লাখ রোহিঙ্গার বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন শুরু করা।