চাপড়া সরনজামী ইউনিয়ন বাল্যবিবাহ মাদকমুক্ত ঘোষণা
নীলফামারী সদরের চাপড়া সরনজামী ইউনিয়নকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ইউনিয়নের বাবড়িঝাড় দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত এক গণসমাবেশে বেলুন উড়িয়ে ওই ঘোষণা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান।
ওই সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী। বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, ল্যাম্ব আইএম পাওয়ার প্রকল্পের এনামুল হক প্রমুখ।
ইউএনও মো. সাবেত আলী বলেন, আগামী এপ্রিল মাসে সদর উপজেলাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ লক্ষ্যে পর্যায়ক্রমে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হচ্ছে।