চাপাতির কোপে শিশু খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় গতকাল বুধবার রাতে চাচাতো ভাইয়ের চাপাতির কোপে ১৪ মাস বয়সী শিশু আজিজুল ইসলাম খুন হয়েছে। এ ঘটনায় আহত শিশু আজিজুলের বোন তানিয়া আক্তার (১০) ও তানজিলা আক্তারকে (৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন দুই শিশুর চাচা দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ফতুল্লার রাধানগরে তাঁর ঘরের পাশেই আজিজুলদের ঘর। গতকাল রাত আটটার দিকে শিশু আজিজুলের মা ঘরে বসে কথা বলছিলেন। একপর্যায়ে তাঁর (দেলোয়ার) ছেলে শামীম চাপাতি নিয়ে ঘরের খাটে শোয়া আজিজুল, তানিয়া ও তানজিলার ওপর চড়াও হয়। এ সময় শিশুদের চিত্কারে তাঁরা ছুটে আসেন। এর আগেই শামীম পালিয়ে যায়। প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, রক্তাক্ত অবস্থায় আজিজুল, তানিয়া ও তানজিলাকে রাত নয়টায় শহরের খানপুরের ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিত্সক আজিজুলকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তানিয়া ও তানজিলাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।দেলোয়ার আরও জানান, শামীম মানসিক ভারসাম্যহীন। দীর্ঘ দিন তাকে শিকল দিয়ে বেঁধে ঘরে রাখা হতো। কিছুদিন আগে চিকিত্সক দেখানোর পর তার অবস্থার উন্নতি ঘটে। এরপর শামীমের হাত-পায়ের বাঁধন খুলে দেওয়া হয়। গতকাল সবার অজান্তে শামীম চাপাতি নিয়ে শিশুদের ওপর আক্রমণ করে। ঘটনার পর থেকে নিহত আজিজুলের মা পাগলপ্রায়। শিশুটির বাবা ইমাম হোসেন সিঙ্গাপুরপ্রবাসী। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, শামীমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।