চাপাদহ বিলের ইজারা বাতিল দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চাপাদহ বিলটি অমৎস্যজীবীদের নামে বরাদ্দ দেওয়ার অভিযোগ তুলে ইজারা বাতিলের দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিলের পাড়ে মানববন্ধন করে এ দাবি জানানো হয়।
কর্মসূচিতে দুই শতাধিক মানুষ অংশ নেন। এতে বক্তব্য দেন স্থানীয় ঘোষপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফারুক হোসেন, মৎস্যজীবী নিরাঞ্জন বিশ্বাস, নিত্য সরকার, নিহার বিশ্বাস, আশুতোষ বিশ্বাস ও সুশান্ত বিশ্বাস। বক্তারা বলেন, বিলের ইজারা বাতিল না করা হলে পাঁচ শতাধিক জেলে পরিবারের আড়াই হাজার সদস্যকে মানবেতর জীবনযাপন করতে হবে।
কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন মৎস্যজীবী বলেন, ২৬ এপ্রিল জেলার জলমহাল কমিটির সভায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে অমৎস্যজীবীদের নিয়ে গড়া নামসর্বস্ব সংগঠন বিজিবি মৎস্যজীবী সমবায় সমিতির নামে পাঁচ লাখ টাকায় চাপাদহ বিল ইজারা দেওয়া হয়। অথচ এই বিলে মাছ শিকার করে এলাকার কয়েক শ জেলে পরিবার দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করে আসছে। বিলের তিন পাড়ে বসবাসকারী প্রকৃত মৎস্যজীবীদের নামে বিলটি আবার ইজারা দেওয়া হোক।
তবে ‘আমরাই প্রকৃত মৎস্যজীবী’ দাবি করে বিজিবি মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসেম মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রকৃত মৎস্যজীবী বলেই সরকার আমাদের ইজারা দিয়েছে। যাঁরা মানববন্ধন করেছেন, তাঁরা মৎস্যজীবী নন’।