চাপে নত না হয়ে দৃঢ় থাকার প্রত্যয় প্রথম আলোর
কোনো ভয়ভীতি বা চাপের মুখে নত না হয়ে দৃঢ়তার সঙ্গে সৎ সাংবাদিকতা করার প্রত্যয়ের মধ্য দিয়ে প্রথম আলোর কর্মীরা পালন করলেন ১৭তম বর্ষপূর্তির আনন্দঘন উৎসব।
আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবন মিলনায়তনে প্রথম আলোর কর্মীদের নিয়ে উদ্দীপনাময় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মিলিত কণ্ঠের গান দিয়ে শুরু হয়েছিল এ আয়োজন। স্বাগতা, সভ্যতা, সন্ধি, পলক ও সেলিম ‘আনন্দলোকে মঙ্গলালোকে’, ‘দাও শৌর্য দাও ধৈর্য’ ও ‘এমন দেশটি কোথাও খুঁজে’ গানগুলো গেয়ে শোনান। এরপর দেখানো হয় ‘অদম্য মেয়েরা’ নামের একটি প্রামাণ্যচিত্র। ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে প্রথম আলো এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছে।

ময়মনসিংহের গারো পাহাড়ের পাদদেশে ধোবাউড়া উপজেলার কলসিন্দুর একটি নিভৃত পল্লি। এই গ্রামের কলসিন্দুর স্কুলের ছাত্রীরা দারিদ্র্যের সঙ্গে লড়াই করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অনূর্ধ্ব-১৪ নারী জাতীয় ফুটবল দলের ১০ জন এ স্কুলের। প্রথম আলোতেই প্রথম প্রকাশিত হয়েছিল তাদের কথা। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি কলসিন্দুরের মেয়েরা নেপালে এএফসি নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল। দলটির দুর্ভাগ্য, নেপালে ভূমিকম্পের কারণে ফাইনাল খেলা হয়নি। প্রথম আলো এই কৃতী মেয়েদের সঙ্গে থেকে তাদের সার্বিক সহযোগিতা দেবে বলে অনুষ্ঠানে জানান সম্পাদক মতিউর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, পরিচালক সাইফুর রহমান, আতিকুর রহমান, সিমিন হোসেন ও ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম।
পাঠক-কর্মী সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর অভিনন্দন জানিয়ে লতিফুর রহমান বলেন, নতুন কিছু, ভালো কিছু করার চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে। গত ১৭ বছরে বিভিন্ন সময় প্রত্যক্ষ ও পরোক্ষ নানাভাবে চাপ এসেছে, এটা নতুন নয়। যে মূল্যবোধ, যে নীতিমালা আছে, তা নিয়েই আমাদের চলতে হবে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমরা কারও পেছনে লাগব না। অতীতে এমন ঘটনা ঘটেনি, ভবিষ্যতেও না। তবে দেশ বা সমাজের ক্ষতি হচ্ছে, এমন সংবাদ তুলে ধরতে যেন পিছিয়ে না থাকি, সেদিকে সযত্ন থাকতে হবে।
দেশের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে মাহফুজ আনাম বলেন, এখন কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুপরিকল্পিতভাবে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের চেষ্টা চলছে। তবে আমরা ভীত হব না। আমাদের সাধারণ ছোট ভুলকেও অতিরঞ্জিত করে তোলা হবে। তাই অত্যন্ত সতর্ক থাকতে হবে। সাংবাদিকতা থেকে ব্যক্তিগত জীবন, প্রতিটি ক্ষেত্রে অসাধু, অনৈতিক কোনো কিছুতে সংশ্লিষ্ট না থেকে দৃঢ়তার সঙ্গে স্বাধীন সাংবাদিকতা করে যেতে হবে। এই কঠিন সময় স্বাধীন সাংবাদিকতার সেবা করারও একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তিনি বলেন, গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন হবে না, সাংবাদিকতারও উন্নতি হবে না। এ জন্যই গণতন্ত্রের বলিষ্ঠ উপস্থিতি প্রয়োজন। আলোচনার ফাঁকে ফাঁকে প্রথম আলোর বিভিন্ন পর্যায়ের কর্মীদের কাজের মূল্যায়নের ভিত্তিতে সেরা কর্মীদের ক্রেস্ট দেওয়া হয়। লতিফুর রহমান কর্মীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
সম্পাদক মতিউর রহমান বলেন, পাঠকের ভালোবাসাই আমাদের বড় প্রাপ্তি। বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে প্রথম আলো একটি রেকর্ড। পাঠক, বিজ্ঞাপনদাতা, সাংবাদিক ও বিভিন্ন স্তরের কর্মী সবার মিলিত চেষ্টায় সৃষ্টি হয়েছে এই রেকর্ড। এই সাফল্যের জন্য তিনি সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, প্রতিটি মানুষ তাঁর অবস্থান থেকে যতটুকু সুযোগ আছে, অবদান রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ১৭ বছর ধরে দেশের মানুষের এসব সফলতার কথা আমরা তুলে ধরেছি। সমাজ ও ব্যক্তির এসব সাফল্যের কথায় মানুষ আগ্রহী ও অনুপ্রাণিত হয়। এভাবে দেশের উন্নয়নে প্রথম আলো ভূমিকা রেখেছে। সব চাপ মোকাবিলা করে আমরা সৎ সাংবাদিকতা করে যাব। শেষ বিচারে পত্রিকাটা আমরা আরও ভালো করতে চাই।
অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীনের সঞ্চালনা।

প্রথম আলোকে অভিনন্দন
আজ প্রথম আলোর ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিগতভাবে অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রথম আলো কার্যালয়ে পাঠিয়েছেন পুষ্পস্তবক। বসুন্ধরা গ্রুপ, প্রাণ-আরএফএল গ্রুপ, র্যাংগস, ওয়ালটন, স্যামসাং, হুয়াই, ম্যাক্সাস, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, সানিডেল স্কুল, বাংলাদেশ মহিলা পরিষদ, কনসিটো পিআর, চ্যানেল আই, এটিনএন বাংলা, আরটিভি, বাংলাভিশন, চ্যানেল নাইন, সিটিসেল, সিটিব্যাংক এনএ, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি, এক্সট্রা কমিউনিকেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
