
ময়মনসিংহের নয়টি পৌরসভার চারটিতে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত চারজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। নির্বাচনী কার্যক্রমের প্রথম থেকে নানা ধরনের চাপের অভিযোগ করে আসছিলেন তাঁরা। দল থেকে সাময়িক বহিষ্কৃত হয়েছেন তাঁরা। তারপরও নির্বাচন থেকে সরছেন না বলে জানিয়েছেন এই বিদ্রোহী প্রার্থী ও তাঁদের সমর্থকেরা। প্রতিকূলতা উপেক্ষা করে প্রচারণাও চালিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে গৌরীপুর ও মুক্তাগাছা পৌরসভায় নারকেলগাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন শফিকুল ইসলাম ও দেবাশীষ ঘোষ। ফুলপুরে বর্তমান মেয়র মো. শাজাহান ও ত্রিশালে বর্তমান মেয়র এ বি এম আনিছুজ্জামান জগ প্রতীকে নির্বাচন করছেন। বিদ্রোহী প্রার্থীরা অভিযোগ করছেন, প্রচারণা চালাতে গিয়ে তাঁদের কর্মী-সমর্থকেরা ‘ছোটখাটো’ বাধার মুখে পড়ছেন। তবে নির্বাচনের মাঠে থাকার জন্য এখনই তাঁরা বড় ধরনের অভিযোগ করছেন না।
একটি দলীয় সূত্র বলছে, ফুলপুর পৌরসভার বর্তমান মেয়র শাজাহান আওয়ামী লীগের মনোনয়ন পাননি স্থানীয় সাংসদ শরীফ আহমেদের সমর্থন না থাকায়। মনোনয়ন পেয়েছেন শশধর সেন। কেন্দ্রের ও স্থানীয় সাংসদের সমর্থক নেতাদের চাপে শাজাহান মুঠোফোন বন্ধ রেখে ‘আত্মগোপনে’ ছিলেন। গত সোমবার তিনি অল্প কয়েকজন সমর্থককে নিয়ে প্রতীক বরাদ্দ নিতে আসেন। গতকাল বুধবারও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
গৌরীপুর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক মেয়র শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রচারণা চালাতে গিয়ে তাঁর কর্মীরা প্রায়ই ছোটখাটো বাধার মুখে পড়ছেন। একটি পক্ষ প্রচার করছে ২০ ডিসেম্বরের পর তাঁর কোনো কর্মীকেই মাঠে থাকতে দেওয়া হবে না। তবে এখনই এ নিয়ে বিস্তারিত বলতে রাজি নন তিনি। শফিকুল বলেন, ‘নিজে থেকে কারও সঙ্গে বিরোধে জড়িয়ে অবস্থান নষ্ট করতে চাই না। তবে চাপ যদি মাত্রা ছাড়িয়ে যায়, তখন অভিযোগ না করে উপায় থাকবে না।’
ত্রিশাল পৌরসভার বর্তমান মেয়র এ বি এম আনিছুজ্জামান এবার বিদ্রোহী প্রার্থী। তিনিও বলেন, প্রচারণা করতে গিয়ে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। তবে আনিছুজ্জামানও এখনই সুনির্দিষ্ট অভিযোগ করতে নারাজ।
মুক্তাগাছার বিদ্রোহী প্রার্থী দেবাশীষ ঘোষ দলীয় সমর্থনের বাইরে গিয়ে কাজ করা ‘চ্যালেঞ্জ’ বলে মনে করছেন।
এ চার পৌরসভায় বিদ্রোহী প্রার্থীদের বাধা হিসেবে মানতে নারাজ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। ত্রিশাল পৌরসভায় দলের মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম, মুক্তাগাছায় আবদুল হাই আকন্দ, গৌরীপুরে সৈয়দ রফিকুল ইসলাম ও ফুলপুরে শশধর সেন। মনোনীত প্রার্থীদের অভিমত, যেহেতু দলীয় ভিত্তিতে নির্বাচন, তাই সমর্থকেরা নৌকা প্রতীককেই ভোট দেবেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার প্রথম আলোকে বলেন, বিদ্রোহীদের কেন্দ্র থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাঁদের নিয়ে দলে কোনো শঙ্কা নেই। যাঁরা আওয়ামী লীগকে সমর্থন করেন, নৌকায় ভোট দেন, তাঁরা নিশ্চয়ই দলীয় মনোনীত প্রার্থীদের ভোট দেবেন।