চাপের মুখে নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় পরিচয় ও প্রতীকে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় নির্বাচন কমিশনের কাজের চাপ কয়েক গুণ বেড়ে যাবে, যা সামাল দেওয়ার প্রস্তুতি এখন পর্যন্ত কমিশনের নেই। সুষ্ঠুভাবে এই নির্বাচন পরিচালনা করতে যে সময় ও প্রস্তুতি দরকার তা না থাকায় কমিশন সচিবালয় কর্মকর্তাদের অনেকেই এমন আশঙ্কা প্রকাশ করেছেন।
গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেছেন, নির্বাচনযোগ্য ২৪৫টি পৌরসভায় ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা করা হবে নভেম্বরের তৃতীয় সপ্তাহে।
এই ২৪৫টি পৌরসভায় ওয়ার্ডের সংখ্যা পাঁচ হাজারের মতো। এ জন্য পাঁচ হাজার ধরনের ব্যালট পেপার ছাপতে হবে। এসব পৌরসভার ভোটারসংখ্যা প্রায় ৭৫ লাখ। এ জন্য ছাপতে হবে ২ কোটি ২৫ লাখ ব্যালট পেপার।
নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রার্থীর নামের পাশে প্রতীকসহ ব্যালট পেপার ছাপতে যে সক্ষমতা দরকার, তা অতীতে নির্বাচন কমিশনকে দেখাতে হয়নি।
গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের সীমাবদ্ধতার বিষয়টি তোলার চেষ্টা করা হলেও তা গুরুত্ব পায়নি। বৈঠক সূত্র জানায়, সুষ্ঠুভাবে নির্বাচন করতে এই সময়ের মধ্যে যা কিছু করার দরকার তা করতে কমিশনকে পরামর্শ দেওয়া হয়।
সূত্র জানায়, নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দল নিয়ে নির্বাচনের সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছেন কমিশন সচিবালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে কমিশনকে অতীতে এমন পরীক্ষার মুখোমুখি হতে হয়নি।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, স্থানীয় নির্বাচন আগে থেকেই দলগতভাবে হয়ে আসছে। বাকি ছিল আনুষ্ঠানিকতা। সরকার এখন সেই কাজটাই করেছে। কিন্তু এ জন্য আলাদা নিবন্ধনব্যবস্থা রাখা উচিত ছিল। যা ভারতে প্রচলিত। জাতীয় নির্বাচনে ৪০টি দল আছে। তাই বলে স্থানীয় নির্বাচনেও একই দল সুযোগ পাবে, তা তো হয় না। অন্যান্য দলের জন্যও সুযোগ রাখা উচিত।
তবে কমিশন সচিবালয়ের স্থানীয় নির্বাচন কর্মকর্তারা বলছেন, বিদ্যমান পদ্ধতিতে চেয়ারম্যান বা মেয়রদের জন্য ১০টি প্রতীক নিয়ে এবং সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্য ও কাউন্সিলরদের জন্য ১২টি প্রতীক নিয়ে মোট তিন ধরনের প্রতীক ছাপতে হয়। নতুন পদ্ধতিতে ব্যালট পেপারে ৪০টি দলের প্রতীক ও প্রার্থীদের নাম স্থান পাবে। তাই প্রতিটি ওয়ার্ডের পৃথক ব্যালট ছাপতে হবে।
কমিশন সচিবালয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে ইউপির সংখ্যা ৫ হাজার ৫৫৩টি। এসব ইউপির সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা ৬০ হাজারের মতো। যে কারণে ৬০ হাজার ধরনের ব্যালট পেপার ছাপতে হবে। ইউপির ভোটারসংখ্যা আনুমানিক ৭ কোটি ৭৩ লাখ। এর মধ্যে পুরুষ ৩ কোটি ৮৭ লাখ এবং নারী ৩ কোটি ৮৫ লাখ। চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যদের জন্য মোট ২৫ কোটি ব্যালট পেপার ছাপতে হবে। ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মার্চ থেকে জুনের মধ্যে।
এ বিষয়ে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম বলেন, হাতে সময় কম। সরকারের ছাপাখানা এই সময়ের মধ্যে কোটি কোটি ব্যালট পেপার ছাপতে পারবে কি না, সেটা দেখতে হবে। প্রয়োজনে বেসরকারি ছাপাখানার সহযোগিতা নিতে হবে। তিনি বলেন, এই সময়ের মধ্যে নির্বাচন করাটা কঠিন হবে। কিন্তু সরকার যেহেতু আইন করতে যাচ্ছে, নির্বাচন করতেই হবে।
কমিশন সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানান, নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর ব্যালট পেপার ছাপতে হয়। তখন থেকে ভোট গ্রহণের সময় বাকি থাকে ১৪-১৫ দিন। এই সময়ের মধ্যে ইউপির জন্য প্রায় ২৫ কোটি এবং পৌরসভার জন্য সোয়া দুই কোটি ব্যালট পেপার ছাপতে হবে। ভোট গ্রহণের আগে আগে ব্যালট পেপার ছেপে তা নির্বাচনী এলাকায় পাঠানো কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন আছে। বিশেষ করে ছাপা হওয়া ব্যালট পেপার সঠিক না কি ভুল জায়গায় যাচ্ছে, সেই হিসাব রাখাটাও কঠিন কাজ হবে।
ওই কর্মকর্তারা মনে করেন, দলীয় পরিচয়ে নির্বাচন হবে বলে রাজনৈতিক সহিংসতার আশঙ্কাও বেড়ে যাবে। নির্বাচন এক দিনে করতে পারলে সহিংসতার আশঙ্কা কম থাকবে। কিন্তু এক দিনে করা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, তাঁরা ইতিমধ্যে পৌর নির্বাচনবিধি প্রণয়নের কাজ শুরু করেছেন। ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা ও সিটি করপোরেশন আইন সংশোধনের পর পৃথক নির্বাচন পরিচালনা বিধিমালা ও আচরণবিধি তৈরি করতে হবে।
মন্ত্রিসভা সোমবার দলীয় পরিচয়ে ইউপি, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন করা-সংক্রান্ত আইনের সংশোধনী অনুমোদন করে। ডিসেম্বরের মধ্যে ২৪৫টি পৌরসভায় নির্বাচন করার বাধ্যবাধকতা থাকায় এ-সংক্রান্ত আইনটি কয়েক দিনের মধ্যে অধ্যাদেশ আকারে জারি করা হবে। পরে তা সংসদে বিল আকারে তোলা হবে।