চাপের মুখে পাবনার সুজানগর মহিলা কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ তুলে গত শনিবার ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা এই পরীক্ষা বন্ধ করার চাপ দিয়েছেন।কলেজের অধ্যক্ষ আবদুস সাত্তার মুন্সি বলেন, ‘সঠিকভাবেই নিয়োগ কার্যক্রম চলছিল। এ বিষয়ে আমার কিছু বলার নেই। কলেজের সভাপতিকে বিষয়টি জানানো হয়েছে। তিনি আপাতত নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই নিয়োগ পরীক্ষা স্থগিত থাকবে।’কলেজ সূত্রে জানা গেছে, এইচএসসি থেকে ডিগ্রিতে উন্নীত হওয়ায় কলেজে শিক্ষক-কর্মচারীর ১৫টি শূন্য পদ তৈরি হয়। এসব পদ পূরণের জন্য কলেজ কর্তৃপক্ষ গত মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বাংলা, ইংরেজি, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানের প্রভাষকসহ ১৫টি পদের বিপরীতে প্রায় ৭০ জন আবেদন করেন। আবেদনপত্র যাচাই-বাছাই শেষে গত শনিবার (১৫ অক্টোবর) নিয়োগের লিখিত পরীক্ষার দিন ধার্য করা হয়। সুষ্ঠুভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন: কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারের প্রতিনিধি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম বন্দে আলী, জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালকের প্রতিনিধি সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ নাইদ মো. শামসুল হুদা এবং কলেজ প্রতিনিধি অধ্যক্ষ আবদুস সাত্তার মুন্সি। প্রত্যক্ষদর্শী ও আবেদনকারীরা জানান, শনিবার দুপুর ১২টায় পরীক্ষা গ্রহণের নির্ধারিত সময় ছিল। কিন্তু নিয়োগ কমিটির সদস্যরা উপস্থিত না হওয়ায় কলেজ কর্তৃপক্ষ সময় পরিবর্তন করে বেলা দুইটায় পরীক্ষা গ্রহণের সময় পুনর্নির্ধারণ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে সুজানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলামসহ ছাত্রলীগ ও যুবলীগের ২০-২৫ জন এসে কর্তৃপক্ষকে পরীক্ষা কার্যক্রম বন্ধ করতে বলেন। এর কিছুক্ষণ পরই কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম বলেন, ‘ঘটনার দিন আমি সুজানগরে ছিলাম না। তবে টাকার বিনিময়ে অধ্যক্ষ নিয়োগ-প্রক্রিয়া চালানোয় এলাকাবাসীর সঙ্গে অধ্যক্ষের বিরোধে এ ঘটনা ঘটে বলে আমি শুনেছি।’নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক প্রভাষক রোববার দুপুরে বলেন, অধ্যক্ষ টাকার বিনিময়ে নিজের পছন্দের প্রার্থী নিয়োগের প্রক্রিয়া করছিলেন। সরকারি দলের নেতা-কর্মীদের চাপের মুখে অধ্যক্ষ পরীক্ষা স্থগিত করেন। কয়েকজন তরুণ এসে চাপ দিলেও এর পেছনে উপজেলা আওয়ামী লীগের নেতাদের ইন্ধন রয়েছে।সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওহাব বলেন, ‘এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কোনো যোগসূত্র নেই। আমার জানামতে, অধ্যক্ষ প্রার্থীদের কাছ থেকে তিন-চার লাখ টাকা করে উৎকোচ নিয়ে নিয়োগ-কার্যক্রম চালাচ্ছিলেন। এলাকাবাসী বিষয়টি জানার পর পরিচালনা পরিষদের সভাপতির উপস্থিতিতে পরীক্ষা গ্রহণের দাবি জানিয়ে পরীক্ষা স্থগিতের চাপ দেন। এর পরিপ্রেক্ষিতেই অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত করেন।’সভাপতির প্রতিনিধি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম বন্দে আলী বলেন, ‘আমার জানামতে, কেরানির একটি পদে নিয়োগের জন্য স্থানীয় ব্যক্তিদের চাপ ছিল। সেটা না মানায় এ ঘটনা ঘটেছে। পরে সভাপতির নির্দেশেই পরীক্ষা স্থগিত করা হয়েছে।’